
দিল্লি: ভারতীয় রেলের বহুল প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে এল এক মস্ত বড় আপডেট। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) জানিয়েছে, ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগ ‘Kinet Railway Solutions-এর’ তৈরি প্রথম প্রোটোটাইপ স্লিপার ট্রেনটি ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ট্র্যাকে নামানোর লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথমে ২০২৬-এর জুনে এটি আসার কথা থাকলেও, আরও উন্নত করার জন্য এটায় পরিবর্তন আনা হয়েছে।
প্রোটোটাইপ স্লিপার ট্রেন কী?
‘প্রথম প্রোটোটাইপ স্লিপার ট্রেন’ বলতে আসলে বোঝায় কোনও একটি নতুন মডেলের বা ডিজাইনের প্রথম পরীক্ষামূলক ট্রেন। সহজ ভাষায়, এটি হলো বন্দে ভারত স্লিপার ট্রেনের আসল বা ফাইনাল ‘ট্রায়াল ভার্সন’।
১৪,৪০০ কোটি টাকার মেগা প্রোজেক্ট…
RVNL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সালিম আহমেদ জানিয়েছেন, এটি প্রায় ১৪,৪০০ কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট। শুধু ট্রেন তৈরিই নয়, এর সঙ্গে থাকছে পরবর্তী ৩৫ বছরের রক্ষণাবেক্ষণ চুক্তিও। রাশিয়ার বিখ্যাত ট্রেন নির্মাতা TMH এবং ভারতের RVNL-এর যৌথ উদ্যোগ Kinet Railway Solutions এই গুরুদায়িত্ব সামলাচ্ছে।
১২০টি ট্রেনসেট, ১,৯২০টি হাইটেক কোচ
এই মেগা প্রকল্পের অধীনে মোট ১২০টি বন্দে ভারত স্লিপার ট্রেনসেট তৈরি হবে। প্রতিটি ট্রেনে থাকবে ১৬টি করে কোচ, অর্থাৎ সব মিলিয়ে তৈরি হচ্ছে মোট ১ হাজার ৯২০টি অত্যাধুনিক কোচ!
কারা বানাচ্ছে এই স্লিপার ট্রেন?
রেল মন্ত্রক মোট তিনটি সংস্থাকে এই দায়িত্ব দিয়েছে:
১. BEML (যারা ইতিমধ্যে ২০২৬ সালের জানুয়ারিতে চালু হওয়া হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার তৈরি করেছে)।
২. Kinet Railway Solutions (RVNL + TMH)।
৩. Titagarh Rail Systems ও BHEL-এর কনসোর্টিয়াম।
প্রথম শ্রেণি (First AC)-তে কী কী চমক থাকছে?
Kinet Railway Solutions-এর প্রকাশ করা ডিজাইন কনসেপ্ট অনুযায়ী, ফার্স্ট এসি কোচে যাত্রীরা পাবেন বিমানের মতো লাক্সারি অনুভূতি। কী কী থাকছে সেখানে? দেখে নিন একনজরে:
স্পেস ও লাক্সারি: প্রশস্ত ও চমৎকার আলোয় সাজানো ৪-বার্থের কম্পার্টমেন্ট
প্রাইভেসী: আগের চেয়ে অনেক গোপনীয়তা বজায় থাকবে। এছড়া মিলবে আরামদায়ক পরিবেশ
নিরাপত্তা: উপরের বার্থে সহজে ও নিরাপদে ওঠার জন্য আধুনিক সিঁড়ি।
স্মার্ট গ্যাজেটস: প্রতিটি যাত্রীর জন্য আলাদা USB চার্জিং পোর্ট ও ব্যক্তিগত রিডিং লাইট।
স্টোরেজ: লাগেজ রাখার জন্য থাকছে অত্যন্ত স্মার্ট ও আধুনিক স্টোরেজ ব্যবস্থা।