
নয়া দিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মাঝেই বড় আপডেট। পদত্যাগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান (L Murugan)। বিজেপি সাংসদ মুরুগানের পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন, ফের তৃণমূলস্তরে কাজ করতে চান তিনি।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সামনে আসছে একাধিক নতুন নাম। যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানকার সাংসদদের মন্ত্রিসভায় জায়গা হতে পারে বলেও জল্পনা রয়েছে। তারই মাঝে এল মুরুগানের পদত্যাগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার রাজ্যসভার সাংসদ পদ ও মন্ত্রিপদে ইস্তফা দিয়েছেন মুরুগান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে পদত্যাগ করেছেন তিনি। চিঠিতে তাঁর বক্তব্য, পূর্ণ সময় দলের কাজ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবারও তামিলনাড়ুতে ফিরে কাজ করার কথা লিখেছেন চিঠিতে।
এক্স মাধ্যমে এল মুরুগান লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতার সেবা করতে পারার জন্য ধন্যবাদ। শ্রমিক পরিবারের ছেলে হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হতে পারা আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ।”
সংসদ বিষয়ক মন্ত্রক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন মুরুগান। ২০২১-এর ৭ জুলাই থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগে তামিলনাড়ুর বিজেপি সভাপতি হিসেবে কাজ করেছেন মুরুগান।
এছাড়া আরএসএসের এসসি ডিভিশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন মুরুগান। ২০১১-তে প্রথমবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ী হন তিনি। কেরলের বিজেপির দায়িত্বও একসময় সামলেছেন তিনি। জানা যায়, বিজেপির কেন্দ্রীয় নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ মুরুগান।