
নয়া দিল্লি: আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ফেরার পথে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) তাঁকে দাঁড়িয়ে থাকতে হল পাক্কা ৪৫ মিনিট। দেশের সবথেকে হাই প্রোফাইল ব্যক্তি, তাঁকে অপেক্ষা করতে হল বিমানবন্দরে? তাও আবার ৪৫ মিনিট! এর নেপথ্যে রয়েছে নিট পরীক্ষা।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী কলকাতা থেকে রওনা দিয়ে দুপুর ১ টা ১৫ নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছন। কিন্তু সেই সময়ই বিমানবন্দর থেকে বেরোননি তিনি। বরং ৪৫ মিনিট অপেক্ষা করে, দুপুর ২টো বেজে যাওয়ার পর তিনি বিমানবন্দর থেকে বের হন এবং নিজের বাসভবনের দিকে রওনা দেন।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কারণ ছিল যাতে নিট (NEET) পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয়। দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু হচ্ছিল। যাতে প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য কোনও পরীক্ষার্থীর সমস্যা না হয়, দেরি না হয়ে যায়, তার জন্যই তিনি বিমানবন্দরে অপেক্ষা করে যান।
প্রধানমন্ত্রীর কনভয় গেলে সেই রুট সাময়িক বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। এতে পরীক্ষা হলের দিকে যাওয়া নিট পরীক্ষার্থীদের দেরি হয়ে যেতে পারত। তাদের কথা মাথায় রেখেই দুপুর দুটোয় পরীক্ষা শুরুর পরে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে বাসভবনের উদ্দেশে রওনা দেন।
প্রসঙ্গত, গত মে মাসে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় বাতিল হয়ে যায় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা। ফের পরীক্ষার ব্যবস্থা করা হয়। আজ সেই পরীক্ষাই চলছে। মোট ২২ লাখের বেশি পরীক্ষার্থী বসেছে এই পরীক্ষায়। দেশ জুড়ে ৫,৪৪০টি সেন্টারের ব্যবস্থা করা হয়েছে এনটিএ-র তরফে। কড়া নজরদারি চলছে পরীক্ষাকেন্দ্রগুলিতে। ১.৩৮ লক্ষ সিসিটিভি বসানো হয়েছে। ৫১ হাজার সিগন্যাল জ্যামার বসানো হয়েছে।