
নয়া দিল্লি: নিট পরীক্ষায় (NEET-UG Exam 2026) আর কোনও গাফিলতি নয়। নিরাপত্তা নিয়ে এবার কড়া কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থার উপর নজরদারি চালাবে পিএমও দফতর । এবার এই নিয়ে আরও এক নজিরবিহীন পদক্ষেপ করল সরকার। নিট পরীক্ষার নিরাপত্তা (NEET Exam Security) নিশ্চিত করবে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। কেন্দ্রের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রশ্নপত্র যাতে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া যায়, তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনাকে।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ৩ মে-র নিট পরীক্ষা বাতিল (NEET Cancelled) করে দেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যে একাধিক পাণ্ডাকে গ্রেফতারও করা হয়েছে। আগের পরীক্ষা বাতিল করার পর নতুন পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। ২১ জুন ফের নিট পরীক্ষা হবে। প্রায় ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তবে, এবারের পরীক্ষায় আরও কোনও রকম ত্রুটি বা গাফিলতি চায় না কেন্দ্র। গতকালই নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৈঠকের পরই জানানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছনোর দায়িত্ব দেওয়া হয়েছে বায়ুসেনাকে।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধর্মেন্দ্র প্রধান বলেন,”পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করতে কেন্দ্র ‘হোল-অফ-গভর্নমেন্ট অ্যাপ্রোচ’ গ্রহণ করেছে। অর্থাৎ, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য সরকার-সহ একাধিক দফতর একসঙ্গে কাজ করবে। আগের পরীক্ষাগুলিতেও ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য সরকারগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভবিষ্যতেও আমরা এই একই পদ্ধতিতেই কাজ করব। যাতে পরীক্ষা নির্বিঘ্ন, স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন হয়।”
শিক্ষামন্ত্রী আরও জানান, জুন মাসের আবহাওয়া এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এবার প্রশ্নপত্র পরিবহন অর্থাৎ প্রশ্নপত্র পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনাকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের কথায়, “আগে যে কাজ ডাক বিভাগ করত, এবার সেই কাজে ভারতীয় বায়ুসেনাও সহযোগিতা করবে। যাতে সমস্ত বিষয় বিবেচনা করে প্রশ্নপত্র নির্দিষ্ট সময়ে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া যায়। সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত এবং সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার আয়োজনে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।”
উল্লেখ্য, নিট পরীক্ষায় নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং পরীক্ষার সঙ্গে যুক্ত প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য তাঁকে জানানো হচ্ছে। আরও জানা গিয়েছে, প্রশ্নপত্র তৈরির মুহূর্ত থেকে শুরু করে শেষ পরীক্ষার্থীর হাতে পৌঁছনো পর্যন্ত গোটা প্রক্রিয়াতেই নজরদারি বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে গোটা বিষয়টার উপর নজরদারি চালানো হবে বলে খবর।