Chowmein: চাউমিনে বিষ! হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক শিশু

গত জুন মাস থেকে জেলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। তদন্তে উঠে এসেছে চিকিৎসার বেহাল অবস্থার দিকটি। পাশাপাশি অপুষ্টি এবং শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার দিকটিও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Chowmein: চাউমিনে বিষ! হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক শিশু
Image Credit source: pexel

Nov 22, 2026 | 3:51 PM

মধ্যপ্রদেশ: আচমকা অসুস্থ হয়ে পড়ল একই গ্রামের অন্তত ১১৮ জন শিশু। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করাতে হয়। কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, বাকিদের এখনও চিকিৎসা চলছে। প্রত্যেকেই গ্রামের একটি মেলায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। মেলার খাবারেই কি বিষ? উঠেছে প্রশ্ন।

মধ্যপ্রদেশের বালাঘাট জেলার ঘটনা। গত ২১ নভেম্বর কিরণাপুর থানা এলাকার হিররি গ্রামে স্থানীয় ‘মন্ডই’ মেলায় গিয়েছিল এই শিশুরা। শিশুদের পাশাপাশি ১২ জন প্রাপ্তবয়স্কও একই কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বালাঘাটের জেলাশাসক আদিত্য সিং জানিয়েছেন, শনিবার রাতে মেলায় নুডলস খাওয়ার পর একাধিক শিশুর অসুস্থতা দেখা দেয়। তাদের প্রথমে কিরণাপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৭৩ জন শিশুকে ছেড়ে দেওয়া হলেও, উন্নত চিকিৎসার জন্য ৪৫ জন শিশুকে বালাঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়। পাশাপাশি ১২ জন প্রাপ্তবয়স্ককেও ওই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সব মিলিয়ে বর্তমানে জেলা হাসপাতালে ৫৭ জন চিকিৎসাধীন।

রবিবার সকালে জেলাশাসক হাসপাতালে গিয়ে অসুস্থ শিশু ও অন্যান্য রোগীদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসকদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন। জেলাশাসক এবং সিএমএইচও জানিয়েছেন, হাসপাতালে ভর্তি প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঘটনার পরপরই প্রশাসনের তরফে অভিযুক্ত খাবারের দোকানগুলো সিল করে দেওয়া হয়েছে এবং খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাস থেকে জেলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। তদন্তে উঠে এসেছে চিকিৎসার বেহাল অবস্থার দিকটি। পাশাপাশি অপুষ্টি এবং শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার দিকটিও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us