
কলকাতা: আমরা অনেকেই জানি, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ব্লিংকিট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। সাধারণত, নিত্য প্রয়োজনীয় সব ধরণের দ্রব্য অনলাইনে পাওয়া যায় এই ওয়েবসাইট ও অ্যাপে। তবে এখন বুক করা যায় অ্যাম্বুলেন্সও। কিন্তু এবার এই পরিষেবা নিয়ে নতুন আপডেট দিলেন ব্লিংকিট এর মাদার কোম্পানি জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপেন্দর গোয়েল।
তিনি জানিয়েছেন, এবার থেকে জরুরি নয়, এমন অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য দিতে হবে ২৫০০ টাকা। তবে জরুরি পরিষেবার রোগীদের জন্য আগের মতো ফ্রি-ই থাকবে পরিষেবা। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, অনেকে ছোটখাটো কারণে হাসপাতাল যাওয়া, ডাক্তার দেখানো বা হাসপাতাল থেকে বাড়ি ফেরার জন্য জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা বুক করছেন। এর ফলে যাঁরা সত্যিকারের জরুরি রোগী, তাঁদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে সমস্যা হতে পারে।
গোয়েল জানিয়েছেন, ব্লিংকিট এর অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার পর থেকে প্রায় ৪২ হাজার বার অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ২০ হাজার ঘটনাই ছিল ইমার্জেন্সি কেস। এতদিন সব ধরণের যাত্রার জন্যই কোনও টাকা নেওয়া হত না।
নতুন নিয়ম কী?
গোয়েলের কথায়, নতুন নিয়মে একমাত্র এমার্জেন্সি পরিষেবার রোগীরা বিনামূল্যে পরিষেবা পাবেন। কিন্তু সাধারণ চেকআপ, হাসপাতালে যাতায়াত বা হাসপাতাল থেকে বাড়ি ফেরার মতো কাজে এই পরিষেবা ব্যবহার করতে গেলে দিতে হবে ২৫০০ টাকা। যাত্রা শেষ হওয়ার পর দিতে হবে এই টাকা। এই অর্থ জমা হবে Eternal Foundation-এর কাছে। এই Eternal Foundation-ই ব্লিংকিট-এর অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনা করে।
একই সঙ্গে দেশের আরও শহরে এই পরিষেবা চালু করতে চায় ব্লিংকিট। আগামী ২-৪ বছরের মধ্যে দেশের সমস্ত বড় শহরে অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত প্যারামেডিক পাওয়া বড় চ্যালেঞ্জের কাজ বলে জানিয়েছেন তিনি। সেই কারণে প্যারামেডিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও বাড়ানো হচ্ছে।