
আহমেদাবাদ: লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ করতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় নেমেছেন রাহুল গান্ধী। মণিপুর থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা বর্তমানে পৌঁছেছে গুজরাটে। আর সেখানেই বিপত্তি। রাহুলের যাত্রায় যোগ দিতে এসে সর্বস্বান্ত হয়ে গেলেন অনেকে। সবার মাথায় হাত। শেষে সবাই দ্বারস্থ হল পুলিশের।
গুজরাটে পৌঁছেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর যাত্রার তৃতীয়দিনে ছোটোদেওপুরের বোদেলিতে যাত্রা পৌঁছতেই হঠাৎ শোরগোল পড়ে যায়। এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে ওঠেন, তাঁর পকেটমারি হয়েছে। তাঁর কথা শুনে আশেপাশের লোকজনও নিজেদের পকেট হাতড়াতে শুরু করেন। দেখা যায়, এক-দুজন নয়, অনেকেরই মানিব্যাগ উধাও। রাহুল গান্ধীর জনসংযোগ যাত্রায় বিপুল জনসমাগমের সুযোগ তুলেই একের পর এক কর্মী-সমর্থকদের পকেট ফাঁকা করে দিয়েছে পকেটমার।
ভাদোদরার কর্পোরেটর চন্দ্রকান্ত ভাট্টু এসেছিলেন রাহুল গান্ধীকে দেখতে এবং ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হতে। কিন্তু পকেটমার তাঁর মানিব্যাগই তুলে নিয়েছে। তিনি জানান, ব্যাগে ৪২ হাজার টাকা ছিল। পুরো টাকাই খোয়া গিয়েছে। একা চন্দ্রকান্ত নন, এই ঘটনা অনেকের সঙ্গেই হয়েছে। এখনও অবধি ১০ জন পুলিশে পকেটমারির অভিযোগ করেছেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, ভিড়ের সুযোগ নিয়েই পকেটমারি হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।