
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও এক রেকর্ড। আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রনেতা হলেন, যার ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন ছুঁল। রাজনৈতিক নেতা হিসাবেও মোদীই একমাত্র, যার ১০ কোটি ফলোয়ার্স রয়েছে।
২০১৪ সালে ইন্সটাগ্রাম জয়েন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর অ্য়াকাউন্ট বিশ্বনেতাদের মধ্যে অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেস হয়ে ওঠে। চমকপ্রদ তথ্য হল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ফলোয়ার্স রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তথ্য বলছে, রাষ্ট্রনেতাদের ইন্সটাগ্রাম ফলোয়ার্সের নিরিখে এক নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৪৩.২ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১৫ মিলিয়ন। চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, তাঁর ফলোয়ার্স ১৪.৪ মিলিয়ন। তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান রয়েছেন পঞ্চম স্থানে, ফলোয়ার্সের সংখ্যা ১১.৬ মিলিয়ন। ষষ্ঠ স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই, তাঁর ৬.৪ মিলিয়ন ফলোয়ার্স আছে।
ভারতের বাকি রাজনৈতিক নেতাদের তুলনাতেও শত ক্রোশ এগিয়ে প্রধানমন্ত্রী মোদী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইন্সটাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা ১৬.১ মিলিয়ন। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার্সের সংখ্যা ১২.৬ মিলিয়ন।