
নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১৩২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতির কথাও মনে করে দিয়েছেন। তবে, কঠিন পরিস্থিতিতে আবারও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমি আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে রাজনীতি করছেন। কিন্তু, কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়। আতঙ্ক ছড়িয়ে অনেকে দেশের ক্ষতি করছেন।”
কঠিন পরিস্থিতিতে ফের একবার কোভিড পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের সঙ্গে উপসাগরীয় দেশগুলির সম্পর্ক রয়েছে। কর্মসূত্রে প্রায় এক কোটিরও বেশি ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাস করছেন।” ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপসাগরীয় দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।