
নয়াদিল্লি: ভারতের নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। স্বনির্ভর হয়ে উঠছেন গ্রাম-বাংলার সাধারণ মহিলারা। কেন্দ্রের লাখপতি দিদি স্কিমের সুযোগ পেয়ে মহিলারা নিজের পায়ে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে আজ (শনিবার) আন্তর্জাতিক নারী দিবসে গুজরাটের নবসারির লাখপতি দিদিদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন কোম্পানির সিইও-দের সঙ্গে যেমনভাবে বৈঠক করেন, তেমনই লাখপতি দিদিদের সঙ্গে বোর্ডরুম বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
এদিনের এই বোর্ডরুম বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর হাতে ছিল একটি নোটপ্যাড ও পেন্সিল। আলোচনার মূল বিষয়গুলি নোট করে নিতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।
এই বোর্ডরুম বৈঠকে লাখপতি দিদিরা বললেন, প্রধানমন্ত্রী মোদীর নীতি, তাঁর উৎসাহে আজ তাঁরা লাখপতি দিদি হয়ে উঠেছেন। লাখপতি দিদিরা বলেন, প্রধানমন্ত্রীর উৎসাহে কয়েকবছরের মধ্যেই ক্রোড়পতি দিদি প্রোগ্রামে তাঁরা আসবেন। এক লাখপতি দিদি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া তাঁর কাছে গর্বের মুহূর্ত।
বৈঠকে পেন্সিল ও নোটবুক হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
লাখপতি দিদিদের অভিজ্ঞতা শোনার পর প্রধানমন্ত্রী বলেন, ৩ কোটি লাখপতি দিদির লক্ষ্যমাত্রা খুব শীঘ্রই পূরণ হবে। এরপরই ৫ কোটির লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাওয়া হবে।
লাখপতি দিদিদের সঙ্গে বোর্ডরুম বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যদি তাঁদের ব্যবসা অনলাইনে শুরু করেন, তাহলে ব্যবসার আরও প্রসার ঘটবে। প্রধানমন্ত্রীর আশা, গ্রামের এমন লাখপতি দিদিদের জন্য বিকশিত ভারতের পথে এগিয়ে যাবে দেশ।