
চণ্ডীগড়: ডালহৌসির (Dalhousie) কাছে গাড়ির উপর ভেঙে পড়েছিল বিশাল বরফের চাঁই। তাতেই মৃত্যু হয়েছিল গাড়ির চালক তথা চিকিৎসক রাজীব রামপালের। গুরুতর জখম হয়েছিলেন পরিবারের আরও চার সদস্য। ১৯৯৭ সালের সেই দুর্ঘটনার প্রায় ২৯ বছর পর বড় নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। দুর্ঘটনায় বিমা সংস্থাকে আহত পরিবারের চার সদস্যকে আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (Punjab and Haryana High Court)। একইসঙ্গে এই ঘটনায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে আদালত।
বিচারপতি প্রমোদ গোয়েল জানিয়েছেন, কোনও দুর্ঘটনার কারণ যদি প্রাকৃতিক বিপর্যয় বা ‘অ্যাক্ট অফ গড’ (Act of God) হয়, তাহলেও গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে নো-ফল্ট লায়াবিলিটির আওতায় ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে শুধু প্রমাণ করতে হবে যে সংশ্লিষ্ট গাড়ির ব্যবহারের কারণেই দুর্ঘটনা ঘটেছে। আদালতের পর্যবেক্ষণ, ‘নো-ফল্ট লায়াবিলিটির আওতায় অ্যাক্ট অফ গড-ও অন্তর্ভুক্ত থাকবে।’ ২০০৪ সাল থেকে এই সংক্রান্ত মামলাগুলি আদালতে বিচারাধীন ছিল।
ঘটনাটি ১৯৯৭ সালের ৯ মার্চের। সেদিন তুষারপাতের মধ্যে স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে ডালহৌসির লক্কর মান্ডি এলাকায় গাড়ি চালাচ্ছিলেন চিকিৎসক রাজীব রামপাল। মামলাকারীদের দাবি, গাড়িতে বসেই স্ত্রী-র সঙ্গে তাঁর বচসা চলছিল। পরিবারের সদস্যরা গাড়ি থামিয়ে রাখার অনুরোধ করলেও তিনি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সেইসময় পাহাড় থেকে বিশাল বরফের চাঁই ভেঙে গাড়ির উপর পড়ে। ধাক্কায় গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজীবের। গুরুতর জখম হন পরিবারের চার সদস্য।
২০০৪ সালের মার্চ মাসে মোটর দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণ ট্রাইব্যুনাল পরিবারের পাঁচটি আবেদনই খারিজ করে দেয়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ছিল, দুর্ঘটনাটি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘটেছে। চালকের গাফিলতি ছিল না। দুর্ঘটনায় অন্য কোনও গাড়িরও ভূমিকা ছিল না। এরপরই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার।
পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টও জানিয়েছে, এই ঘটনায় চালকের গাফিলতি প্রমাণিত হয়নি। বরফের হিমবাহ বা বিশাল বরফের চাঁই ভেঙে পড়াকে চালকের অবহেলা বলা যায় না। তবে আদালতের মতে, দুর্ঘটনায় মৃত্যু ও আঘাতের ঘটনা ঘটেছে গাড়ির ব্যবহারের কারণেই। সেই কারণেই মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮-এর ১৬৪ ধারার আওতায় নো-ফল্ট লায়াবিলিটির ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আগে মোটর দুর্ঘটনার ক্ষতিপূরণের ক্ষেত্রে ১৪০, ১৬৩এ এবং ১৬৬ ধারা কার্যকর ছিল। ১৪০ ধারায় গাড়ির ব্যবহারের কারণে দুর্ঘটনা ঘটেছে প্রমাণিত হলেই নির্দিষ্ট ক্ষতিপূরণ দেওয়া হত। ১৬৩এ ধারায় নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা ব্যক্তিদের জন্য নো-ফল্ট ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল। অন্যদিকে, ১৬৬ ধারায় ক্ষতিপূরণ পেতে চালকের গাফিলতি বা দায় প্রমাণ করতে হত।
আদালতের বক্তব্য, ২০২২ সালের ১ এপ্রিল থেকে এই ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বর্তমানে গাড়ির ব্যবহারের কারণে দুর্ঘটনা ঘটলে দোষ বা গাফিলতি প্রমাণ না করেও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। আর চালকের গাফিলতি প্রমাণিত হলে পৃথকভাবে সেই ভিত্তিতেও ক্ষতিপূরণ দাবি করা যায়।
আদালত জানিয়েছে, আগে ১৬৩এ এবং ১৬৬ ধারার মধ্যে ক্ষতিপূরণের আবেদন পরিবর্তন করা বেশ কঠিন ছিল। কিন্তু বর্তমান আইনি ব্যবস্থায় ১৬৬ ধারায় করা আবেদন খারিজ হলেও স্বয়ংক্রিয়ভাবে ১৬৪ ধারার আওতায় ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। এর জন্য আবেদনে ১৬৪ ধারার উল্লেখ থাকা বা আলাদা করে আবেদন পরিবর্তনের আর্জি জানানোর প্রয়োজন নেই। শুধু গাড়ির ব্যবহারের সঙ্গে দুর্ঘটনার যোগ প্রমাণ করতে হবে।
এই ক্ষেত্রে ২০২২ সালের সংশোধিত আইনের পুরনো দুর্ঘটনার উপর প্রয়োগকেও আইনি দিক থেকে বৈধ বলে জানিয়েছে হাইকোর্ট। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তিনটি রায়ের উল্লেখ করেছে আদালত। তার মধ্যে রয়েছে ২০২৬ সালের ২৭ এপ্রিলের ‘রূপা বনাম ম্যানেজার, ওরিক্স অটো ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড’ মামলা। আদালতের মতে, এই সংশোধন মূলত পদ্ধতিগত (Procedural) পরিবর্তন। তাই ২০২২ সালের ১ এপ্রিলের আগের দুর্ঘটনার ক্ষেত্রেও তা প্রযোজ্য হতে পারে।
তবে চিকিৎসক রাজীব রামপালের মৃত্যুর জন্য ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বিমা সংস্থার যুক্তি ছিল, রাজীব নিজেই গাড়ির মালিক তথা চালক ছিলেন। ফলে তিনি তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি নন। বিমার পলিসিতে কেবল বেতনভুক্ত চালকের জন্য সুরক্ষা ছিল। গাড়ির মালিকের জন্য অতিরিক্ত প্রিমিয়াম জমা দেওয়া হয়নি। এই যুক্তি মেনে নিয়েছে আদালত। ফলে রাজীবের স্ত্রী ও সন্তানদের করা মৃত্যুর ক্ষতিপূরণের আবেদন খারিজ হয়ে যায়।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত পরিবারের চার সদস্যের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। প্রত্যেককে ২.৫ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, ক্ষতিপূরণের আবেদনের দিন থেকে বার্ষিক ৬ শতাংশ হারে সুদও দিতে হবে বিমা সংস্থাকে।