
নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট এবং এইমস কর্তৃপক্ষের আবেদন সত্ত্বেও আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত AIIMS-এর রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশনের। লাগাতার বিক্ষোভ চলছে দিল্লির যন্তর মন্তরে। গত দিনের মতোই যন্তর মন্তরে ওপিডি চালাচ্ছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, এখনও ন্যায় বিচার পাননি নির্যাতিতা। তদন্তে এখনও কোনও ইতিবাচক ফল সামনে আসেনি। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় আইন প্রণয়নের কোন আশ্বাসও আসেনি। সেই কারণেই কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা।
আরজি কর কাণ্ডের প্রতিবাদের আঁচ এখন বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে ছড়িয়ে পড়েছে। লাগাতর কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কিন্তু তাতে সমস্যায় পড়ছেন রোগীরা। এইমস কর্তৃপক্ষ একটি তথ্য প্রকাশ করে জানিয়েছিল রেসিডেন্ট ডক্টরসদের কর্ম বিরতির জেরে হাসপাতালের রোগী ভর্তি কমে গিয়েছে ৫০ শতাংশ। বহির বিভাগে রোগীর সংখ্যা কমেছে ৬৫ শতাংশ। অস্ত্রোপচার কমেছে ৮৫ শতাংশ। বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা কমেছে ৭৫ শতাংশ। ল্যাবরেটরি সার্ভিসেস কমেছে ২০ শতাংশ। এছাড়াও বিঘ্নিত হয়েছে আই সি ইউ এবং ইমারজেন্সি সার্ভিস ছাড়া বাকি সব বিভাগের রোগী পরিষেবা।
এরপরই এইমস কর্তৃপক্ষের তরফে আবেদন করা হয়, যাতে আন্দোলনকারীরা কর্মবিরতি তুলে নেন। মঙ্গলবার সেই আবেদন করেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বুধবার বৈঠকে বসেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়,সেটাই দেখার।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)