
নয়া দিল্লি: ইউপিআই-তে চালু হয়েছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR)। ২০০০ টাকার বেশি লেনদেন করলে ০.৪ শতাংশ হারে চার্জ দিতে হবে। এই ঘোষণা হতেই জোর চর্চা শুরু হয়েছে দেশজুড়ে, কারণ অধিকাংশ মানুষই ইউপিআই-র উপরে নির্ভরশীল। এমডিআর ঘোষণার একদিন পরই, কেন্দ্রীয় সরকারের ইউপিআই-তে এমডিআর লাগু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)।
ইউপিআই-তে এমডিআর চার্জ বসতেই জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। আবেদনে দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ (The Payment and Settlement Systems Act, 2007)-এর সাম্প্রতিক সংশোধনীকে অসংবিধানিক ঘোষণা করার আর্জি জানানো হয়েছে। ১৪ সেপ্টেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করার নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।
কোন আলাপ-আলোচনা এবং সমীক্ষার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দেওয়া প্রয়োজন বোধ করেছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য-রিপোর্টও শীর্ষ আদালতে পেশ করার নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে অবিলম্বে এই এমডিআর (MDR) প্রত্যাহারের আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী অঞ্জন দত্ত।
১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নির্দেশিকা জারি করে জানায় যে দুই হাজার টাকার উপরে লেনদেনে ০.৪ শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসবে। আগামী ১৫ অক্টোবর থেকে এই চার্জ বসতে চলেছে। পি-টু-এম অর্থাৎ পার্সন টু মার্চেন্ট পেমেন্টে এই এমডিআর বসবে। অর্থাৎ দুই হাজার টাকার উপরে লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের এই চার্জ দিতে হবে। এক ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে ইউপিআই-তে টাকা পাঠান, তবে কোনও টাকা লাগবে না। ২০০০ টাকার নীচের লেনদেনেও কোনও চার্জ লাগবে না। এছাড়া ছোট ব্যবসায়ী যারা, তারা যদি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত টাকা পান কিউআর কোডের মাধ্যমে, তাহলে তাদেরও কোনও চার্জ দিতে হবে না।