
মুম্বই: মুম্বইয়ের জুহু এলাকায় রবিবার সন্ধেয় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা। ফুটবল খেলে বাড়ি ফেরার সময় তিন বাইক আরোহী তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। তবে বলিউড এই অভিনেতার শরীরে কোনও গুলি লাগেনি। তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, এক অটোচালকও এই ঘটনায় আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাইগারের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। আহত চালককে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাইগারের বাবা প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফের টিমও সংবাদমাধ্যমকে জানিয়েছে, অভিনেতা নিরাপদে রয়েছেন। তাঁদের কথায়, “টাইগার ঠিক আছেন।” ডিসিপি মোহিত গর্গও নিশ্চিত করেছেন, টাইগারের শরীরে কোনও গুলির আঘাত লাগেনি। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। হামলাকারীদের খোঁজে ১২টি দল গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকারের দাবি-
এদিকে, বিদেশে থাকা অনিল পণ্ডিত ও হরমন সান্ধু নামে দুই গ্যাংস্টার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। পোস্টটি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নামে করা হয়েছে। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। ঘটনার পর মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আশিস শেলার টাইগারের পরিবারের সঙ্গে কথা বলেছেন।
কেন টাইগার শ্রফকে নিশানা করা হল?
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে নিজেকে অনিল পণ্ডিত বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি দাবি করেছে, টাইগার শ্রফ তাদের নিশানায় রয়েছেন। তার অভিযোগ, টাইগার তাদের নির্দেশ মানছিলেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করছিলেন। উল্লেখ্য, গুজরাটের জেলে বন্দি লরেন্স বিষ্ণোই একাধিকবার সলমন খানকে হত্যার হুমকি দিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
টাইগার শ্রফ ও সলমন খান এখনও পর্যন্ত কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবিতে একসঙ্গে অভিনয় করেননি। তবে বলিউডে তাঁদের মধ্যে একাধিক পেশাগত যোগসূত্র রয়েছে। জানা গিয়েছে, টাইগারের বলিউডে অভিষেকের ক্ষেত্রে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে তাঁকে ছবিতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সলমন খান। টাইগারের বাবা জ্যাকি শ্রফের সঙ্গে সলমন একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে এবং অ্যাকশন ছবির প্রতি তাঁদের আগ্রহ ও শারীরিক সক্ষমতা নিয়েও দু’জনকে পরস্পরের প্রশংসা করতে শোনা গিয়েছে।
৩৬ বছর বয়সি টাইগার শ্রফ প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। অ্যাকশন দৃশ্য ও স্টান্টের জন্য বিশেষ পরিচিতি রয়েছে অভিনেতার। এই ঘটনায় কারা জড়িত, হামলার নেপথ্যে কী কারণ রয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকারের দাবির সত্যতা কতটা—তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।