Sudip Bandyopadhyay: ‘খাওয়ালে দুর্বল হয়, হ্যাঁ বের করতে সুবিধা হয়’, সৌগতকে নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য সুদীপের

Sudip Bandyopadhyay on Sougata Roy: সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের দলে যোগ দেওয়ার পর থেকে সৌগত রায়ের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে এদিন টিভি৯ বাংলাকে সৌগত বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। এটাই আজকের সত্য।" সুদীপের প্রসঙ্গ উঠতেই কিছুটা ক্ষুব্ধ স্বরে দমদমের বর্ষীয়ান সাংসদ বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার তুলনা করছেন কেন?"

Sudip Bandyopadhyay: খাওয়ালে দুর্বল হয়, হ্যাঁ বের করতে সুবিধা হয়, সৌগতকে নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য সুদীপের
সৌগত রায় (বাঁদিকে), সুদীপ বন্দ্যোপাধ্যায় (ডানদিকে)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 14, 2026 | 11:41 PM

কলকাতা ও নয়াদিল্লি: তাঁরা দু’জনেই তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। একজন আচমকা বিক্ষুব্ধ সাংসদদের দলে যোগ দিয়েছেন। অন্যজন এখন বলছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। প্রথমজন কলকাতা উত্তর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়জন দমদমের সাংসদ সৌগত রায়। আর রবিবার বিক্ষুব্ধ সাংসদরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া নামে একটি দলের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুদীপ বললেন, তিনি সৌগতর সঙ্গে কথা বলবেন। সৌগতর খাওয়ার প্রতি দুর্বলতা রয়েছে বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুদীপ।

সৌগতকে নিয়ে কী বললেন সুদীপ?

সৌগতকে নিয়ে এদিন টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুদীপ বলেন, “আমার সঙ্গে সৌগতদার কথা হয়েছিল যে আমরা কেউ যাব না। সেজন্য সৌগতদা প্রতিক্রিয়া দিয়েছে যে সুদীপ আমার সঙ্গে এক বলে তারপর দেখি ও চলে গিয়েছে। সৌগত একটু মজার লোক এমনিতে। গিয়ে ওর সঙ্গে কথা বলব। আসার জন্য বলব কি না জানি না। তবে কথা বলব।”

সৌগত তাঁর বাড়িতে এসেছিলেন জানিয়ে সুদীপ বলেন, “আমার বাড়িতে এসেই কথা হয়েছিল। চিলি চিকেন, ফ্রায়েড রাইস সব খাওয়ালাম। ওকে খাওয়ালে দুর্বল হয়। হ্যাঁ বের করতে সুবিধা হয়। খেতে ভালোবাসে। আমায় জিজ্ঞাসা করেছিল, ‘তাহলে আমরা যাচ্ছি না তো?’ আমি বলেছিলাম, না আমরা যাচ্ছি না। আর কালকে বলেছে, ‘ও মা, যাবে না বলে চলে গেল। কেমন করে পারল।’ এবার ডাকলে আসবে কি না জানি না। তবে তার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে।”

কী বললেন সৌগত?

সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের দলে যোগ দেওয়ার পর থেকে সৌগত রায়ের অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই নিয়ে এদিন টিভি৯ বাংলাকে সৌগত বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। এটাই আজকের সত্য।” সুদীপের প্রসঙ্গ উঠতেই কিছুটা ক্ষুব্ধ স্বরে দমদমের বর্ষীয়ান সাংসদ বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার তুলনা করছেন কেন?”

Follow Us