
নয়া দিল্লি: প্রধান বিচারপতি সূর্য কান্ত সাক্ষাতের আবেদনে সাড়া না দেওয়ায়, একটি পিটিশন দাখিল করেন রাহুল গান্ধীরা (Rahul Gandhi)। আবেদন জমা দেওয়ার দিনই মিছিল করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকেও যান ইন্ডি জোটের নেতারা। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে হওয়া সেই মিছিলে ছিল নেহা বোরার মতো প্রতিবাদী মুখ। সেই প্রতিবাদ মিছিল নিয়ে এবার প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন বিরোধী দলের নেতারা।
বিরোধী নেতাদের আবেদন ছিল, প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করবেন। নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এসআইআর সংক্রান্ত ইস্যু নিয়ে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বিষয়টি আগেই শীর্ষ কোর্টে বিচারাধীন থাকায় সাক্ষাৎ করতে চাননি প্রধান বিচারপতি। এরপরই ১২ অক্টোবর সুপ্রিম কোর্ট অভিযান করেন বিরোধীরা।
ওই মিছিলের বিরুদ্ধে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ফৌজদারি অবমাননার মামলা হয়েছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে।
মিছিলের বিরুদ্ধে হওয়া আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “কেউ আমাদের ধমকাতে পারে না।” এই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নোটিস ইস্যু করেছে। একইসঙ্গে শীর্ষ কোর্টের আশপাশের সিসিটিভি ফুটেজও চাওয়া হয়েছে।
এই শুনানিতে আইনজীবী গৌরব ভাটিয়া বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্টকে একটি রাজনৈতিক দলের মিছিল নিয়ে মামলা শুনতে হচ্ছে। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টে যা হয়েছে, তা হওয়া উচিৎ ছিল না। এই ধরনের মিছিল যে আদতে সুপ্রিম কোর্টকেই ‘ধমকানি’, এ কথা বলে উদ্বেগ প্রকাশ করে ২০০ জন আইনজীবী একটি মেমোরান্ডামে সই করেছেন বলেও জানান গৌরব ভাটিয়া। প্রধান বিচারপতি বলেন, “কেউ আমাদের ধমকাতে পারে না।”।
আদালতের বাইরে সেদিন কী হয়েছে, তা সম্পর্কে শীর্ষ আদালত যে ওয়াকিবহাল, সে কথা স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। সিজেআই সূর্য কান্ত বলেন, “আমরা কেউ গজদন্ত মিনারে বসে নেই। আমরা জানি আদালতের বাইরে ওঁরা কী বলেছেন আর আদালতে কী বলছেন। আমরা সব জানি।”
পুলিশকে সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, আইনজীবী দিগন্ত মিশ্র এই আবেদন করেছিলেন। হাইকোর্ট ও সুপ্রিন কোর্টের আশপাশে মিছিল করার গাইডলাইন চেয়ে এই আবেদন করেন তিনি।
সবিস্তারে আসছে…