Supreme Court: ‘আমাদের মুখে কথা বসিয়ে দেবেন না’, ফর্ম ৬ নিয়ে এবার বড় কথা বলল সুপ্রিম কোর্ট

CJI on SIR: এসআইআর পদ্ধতিতে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, এসআইআরের জন্য সংশোধিত ফর্ম ৬-এ যুক্ত অতিরিক্ত ঘোষণাপত্র সুপ্রিম কোর্টের অনুমোদিত। প্রেস বিজ্ঞপ্তিতে সে কথা জানিয়েছিল কমিশন। কিন্তু, গত সপ্তাহে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, "মডিফায়েড ফর্ম ৬ আমরা অনুমোদন করিনি।"

Supreme Court: আমাদের মুখে কথা বসিয়ে দেবেন না, ফর্ম ৬ নিয়ে এবার বড় কথা বলল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে এসআইআর মামলা Image Credit source: TV9 Bangla

Oct 12, 2026 | 7:20 PM

নয়া দিল্লি: দেশ জুড়ে নতুন করে চর্চায় উঠে এসেছে ফর্ম ৬ (Form 6)। এসআইআর পদ্ধতিতে ব্যবহৃত পরিবর্তিত ‘ফর্ম ৬’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি বলে উঠে এসেছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্টে। আগেও সুপ্রিম-শুনানিতে সেই ফর্ম নিয়ে আলোচনা হয়েছে। আর এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিল, ফর্ম ৬-এ সম্মতিও ছিল, আপত্তিও ছিল না শীর্ষ আদালতের।

এসআইআর শুনানিতে আগে কী বলেছিল সুপ্রিম কোর্ট?

এসআইআর পদ্ধতিতে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল, এসআইআরের জন্য সংশোধিত ফর্ম ৬-এ যুক্ত অতিরিক্ত ঘোষণাপত্র সুপ্রিম কোর্টের অনুমোদিত। প্রেস বিজ্ঞপ্তিতে সে কথা জানিয়েছিল কমিশন। কিন্তু, গত সপ্তাহে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “মডিফায়েড ফর্ম ৬ আমরা অনুমোদন করিনি। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।” এরপরই প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য কি তবে ভুল?

ফর্ম ৬ নিয়ে এবার কী বলল শীর্ষ আদালত?

সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্যট বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে ছিল শুনানি। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে নতুন ফর্ম ৬-এর বিষয়টিতে তারা অনুমোদনও দেয়নি, বাতিলও করেনি। শীর্ষ আদালত এদিন বুঝিয়ে দিয়েছে যে, প্রধান বিচারপতি যা বলেছিলেন, তার অর্থ হল, সেই সময় নতুন ফর্ম ৬-এর অস্তিত্ব না থাকায়, সেটা খতিয়ে দেখেওনি সুপ্রিম কোর্ট।

সোমবার আইনজীবী নরেন্দ্র মিশ্র উল্লেখ করেন, গত সপ্তাহে প্রধান বিচারপতি ফর্ম ৬ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য খারিজ করে দিয়েছিল। তিনি বলেন, “নির্বাচন কমিশন বলেছিল যে সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে, কিন্তু আদালত বলে দিয়েছে যে ফর্ম ৬ আদালত অনুমোদন করেনি।” এ কথা শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “অনুমোদন বা খারিজের বিষয় নয়, আমরা বলেছি যে নতুন ফর্ম ৬ নিয়ে আদালত কোনও বিবেচনাই করেনি। আমাদের মুখে কথা বসাবেন না।”

প্রধান বিচারপতি বলেন, “এই প্রসঙ্গ আনবেন না।” বিচারপতি বাগচী বলেন, “প্রধান বিচারপতি বলতে চেয়েছিলেন যে, বিহারের এসআইআর নিয়ে রায় দেওয়ার সময় কোনও নতুন ফর্ম ৬ ছিল না। তাই সেটা অনুমোদন করাও হয়নি, খারিজও করা হয়নি।” এদিনের মামলাতেও নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর।

কেন ফর্ম ৬ নিয়ে বিতর্ক?

উল্লেখ্য, নতুন ফর্ম ৬-এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ফর্ম ৬-এ ওই পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু। এরপর গত ২৬ সেপ্টেম্বর বিবৃতি দিয়ে কমিশন দাবি করেছিল যে, ফর্ম ৬-এ আবেদনের সঙ্গে ভোটারদের যে ঘোষণাপত্র দিতে হয়েছে, তা অনুমোদন করেছিল সুপ্রিম কোর্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us