
জ্যোতির্ময় কর্মকার
নয়াদিল্লি: এসআইআর প্রক্রিয়ার পর যাঁরা বিবেচনাধীন তালিকায় ছিলেন, তাঁদের নামগুলির নিষ্পত্তি জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল। আর সেই ট্রাইব্যুনালের এক অবসরপ্রাপ্ত বিচারপতির সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। তারই প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্ট ওই অবসরপ্রাক্ত বিচারপতিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে বলল। আর অবসরপ্রাপ্ত ওই বিচারপতির আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলল শীর্ষ আদালত।
অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ওই বিচারপতির পুত্র সুরক্ষার বিষয়টি তুলে ধরে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেন। SIR সংক্রান্ত আপিল শুনানির সব দায়িত্ব বিবেচনার মধ্যে রেখে উক্ত অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য পর্যাপ্ত ও বর্ধিত নিরাপত্তার দাবি জানানো হয়। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বলে, “আবেদনটি পশ্চিমবঙ্গে এসআইআর-এর অ্যাপিলেট ট্রাইব্যুনালে দায়িত্বরত হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যাপ্ত নিরাপত্তা সংক্রান্ত। আমাদের বিবেচনায়, আবেদনকারী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারেন।” হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীকে অবসরপ্রাপ্ত বিচারপতির আবেদন খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছে বেঞ্চ।
অবসরপ্রাপ্ত বিচারপতির নিরাপত্তা বাড়ানোর আবেদন কেন?
আবেদনকারীর দাবি, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির মুখে পড়ছেন অবসরপ্রাপ্ত ওই বিচারপতি ও তাঁর পরিবার। অ্যাপিলেট ট্রাইব্যুনালের সঙ্গে যুক্ত দায়িত্ব পালনে প্রভাব বিস্তার করতেই এই হুমকি বলে অভিযোগ।
আবেদনকারী তাঁর আবেদনে উল্লেখ করেছেন, গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালে যাওয়ার পথে একটি পথ দুর্ঘটনার মুখে পড়েছিলেন অবসরপ্রাপ্ত ওই বিচারপতি। ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে পুলিশই অনুমান করেছিল। এর কয়েকদিন পর তাঁর রাজারহাটের বাড়িতে একটি হুমকি চিঠি আসে। এরপর অবসরপ্রাপ্ত ওই বিচারপতির কলকাতার বাড়িতেও একটি হুমকি চিঠি পাঠানো হয়। তার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অবসরপ্রাপ্ত ওই বিচারপতির পুত্র। এবার বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিল শীর্ষ আদালত।