Supreme Court: বাবার সঙ্গে থাকতেই চায় না ওরা, সন্তান যে খেলনা নয় বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট

Supreme Court on Child custody: সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে ১৮৯০-এর গার্ডিয়ানস অ্যাক্টের উল্লেখ করেছে। সেখানে বলা আছে, সন্তানের ভালো থাকার বিষয়টিই সর্বাধিক গুরুত্ব পাবে। বাবা-কে অধিকার দেওয়ার কথা বলা থাকলেও, সেটাই শেষ কথা নয়।

Supreme Court: বাবার সঙ্গে থাকতেই চায় না ওরা, সন্তান যে খেলনা নয় বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টImage Credit source: TV9 Bangla

Nov 26, 2026 | 1:37 PM

নয়া দিল্লি: সন্তান তথা শিশুকে ভালো রাখা আইনের উর্ধ্বে। এক মামলায় এ কথা বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাবা-মা মায়ের আইনি অধিকারের অনেক উপরে একজন শিশুর ভালো থাকা। আদালত আরও উল্লেখ করেছে যে সন্তান কখনোই বাবা-মায়ের সম্পত্তি নয়। এক বিবাহ-বিচ্ছিন্না দম্পতির সন্তানের সত্ত্ব নিয়ে মামলা চলছিল। সেখানেই এই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

কী সেই মামলা?

তামিলনাড়ুর মাদুরাইয়ের এক দম্পতির বিচ্ছেদ হয় ২০১৮ সালে। ২০১৪ সাল থেকে তাঁরা আলাদা থাকতেন। ওই চার বছর তাঁদের এক পুত্র সন্তান ও এক কন্যাসন্তান মায়ের সঙ্গেই থাকত। তাদের বয়স এখন ১৪ ও ১৬ বছর।

২০২৪ সালে মাদ্রাস হাইকোর্ট পারিবারিক আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে সন্তানের সত্ত্ব দিয়ে দেয় তাদের বাবাকে। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাদের মা।

বাবার সঙ্গে থাকতেই চায় না সন্তানরা

বাবা-মায়ের অনুপস্থিতিতে সুপ্রিম কোর্ট সন্তানদের সঙ্গে কথা বলে। জানতে চায়, তারা কার সঙ্গে থাকতে চায়। দুই সন্তানই জানায়, তারা মায়ের সঙ্গেই বাস করতে চায়। তারা জানায়, জন্মের পর ২ বছর কেটেছিল বাবার সঙ্গে। তারপর থেকে মাত্র ৪-৫ বার বাবার সঙ্গে দেখা হয়েছে তাদের। তাদের মা সেলস-এ চাকরি করেন, তিনিই সন্তানদের লালন-পালন করেছেন এতদিন।

তাদের কথা শুনে আদালত স্পষ্ট বলেছে, এ ক্ষেত্রে মানবিকতার দিকটাই বিবেচনা করা হবে। এই প্রসঙ্গে শীর্ষ আদলত বলে, সন্তানরা বাবা-মায়ের খেলনা নয়।

বাবাই কি শুধু অভিভাবক হতে পারে?

সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে ১৮৯০-এর গার্ডিয়ানস অ্যাক্টের উল্লেখ করেছে। সেখানে বলা আছে, সন্তানের ভালো থাকার বিষয়টিই সর্বাধিক গুরুত্ব পাবে। বাবা-কে অধিকার দেওয়ার কথা বলা থাকলেও, সেটাই শেষ কথা নয়। আইন অনুযায়ী মা-ও অভিভাবক হতে পারেন। আর যদি সন্তান নিজের মতামত জানাতে পারেন, তাহলে সেটাকে মান্যতা দিতে হবে আদালতকে।

তবে বাবার স্নেহ থেকে যাতে সন্তান বঞ্চিত না হয়, সে ব্যাপারেও গুরুত্ব দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। তাঁর সঙ্গে সন্তানকে দেখা করতে দিতে হবে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us