
নয়া দিল্লি: ঋতব্রত-সহ দশ বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা না নেওয়ায় স্পিকারের বিরুদ্ধে দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট। তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা ওই মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মামলাটির বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টেই সম্পন্ন করতে হবে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “এই পর্যায়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়াই উপযুক্ত আইনি পদক্ষেপ হবে। আমরা এই পর্যায়ে আবেদনটি খারিজ করছি। তবে আবেদনকারীকে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে। আমরা প্রধান বিচারপতিকে অনুরোধ করছি, বিষয়টি একটি ডিভিশন বেঞ্চের কাছে পাঠাতে। সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ দ্রুত এই মামলার নিষ্পত্তি করবে।”
মামলাকারীর আইনজীবী আদালতে সওয়াল করেন, প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও বিধানসভার স্পিকার এ বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ করেননি। তাই বিষয়টি সুপ্রিম কোর্টেই সরাসরি শুনানির জন্য আবেদন জানান তাঁরা। প্রধান বিচারপতির মন্তব্য,
“সব রাজ্য সুপ্রিমকোর্টে এলে কীভাবে চলবে!”
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেও একই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সময়ে শীর্ষ আদালত আশা প্রকাশ করেছিল যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধানসভার স্পিকার বিষয়টি বিবেচনা করে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু ধার্য করা সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পরও স্পিকার কোনও পদক্ষেপ না করায় বাধ্য হয়ে ফের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জানায় মামলাকারী পক্ষ। এবার সুপ্রিম কোর্ট বিষয়টি পুনরায় কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল।