Road Accidents in India: সড়কে সংঘর্ষকে ‘দুর্ঘটনা’ বলা বন্ধ করা উচিত কেন?

Why Road Crashes Are Not Mere Accidents: আজকের 'YOUR INDIA' কলামে সন্তোষ নায়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাগুলিকে ঘিরে ব্যবহৃত ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, যেসব ঘটনার পিছনে প্রায়শই স্পষ্ট কারণ থাকে, সেগুলিকে ‘দুর্ঘটনা’ বলাই কি যথাযথ? ২০২৩ সালের সরকারি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানের ভিত্তিতে এই লেখায় তুলে ধরা হয়েছে, কারা প্রাণ হারাচ্ছেন, কোথায় এই মৃত্যুর ঘটনা ঘটছে এবং কেন এর দায় শুধু গাড়ির চালকের উপর বর্তায় না।

Road Accidents in India: সড়কে সংঘর্ষকে ‘দুর্ঘটনা’ বলা বন্ধ করা উচিত কেন?
শুধু ব্যক্তিগত সতর্কতা কি প্রতিটি যাত্রাকে নিরাপদ করতে পারে?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 20, 2026 | 3:47 PM

তাঁর নাম ছিল সুরেশ। যদিও তিনি যে কেউ হতে পারতেন। প্রতিদিন সকালে গ্রামের বাইরে রাজ্য সড়ক ধরে স্কুটার চালিয়ে কাজে যেতেন। আর প্রতি সন্ধ্যায় স্কুলের ব্যাগ পিঠে নিয়ে বাড়ির দরজায় বাবার ফেরার অপেক্ষা করত তাঁর মেয়ে। কিন্তু এক বৃহস্পতিবার আর বাড়ি ফেরা হল না সুরেশের। প্রতিবেশীরা যখন তাঁর বাড়িতে জড়ো হলেন, ততক্ষণে একটি বাক্য তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকের মুখে, প্রতিটি বাড়ির দরজায় নিচু স্বরে উচ্চারিত হতে লাগল সেই একই কথা, ‘একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে।’

শব্দটি এতটাই পরিচিত যে আমরা আর তার অর্থ নিয়ে ভাবি না। অথচ এই শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ধারণা। কেউ দায়ী নয়, কিছুই করার ছিল না, ঘটনাটি এমনিই ঘটে গিয়েছে। সম্ভবত এই ধারণার চেয়ে বেশি ক্ষতি ভারতের আর কোনও কিছু করেনি।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশের রাস্তায় প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৮৯০ জন। সারা বছরের হিসাব ধরলে প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন, অর্থাৎ প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু হয়েছে। এত বড় একটা পরিসংখ্যান আমাদের অন্তত একবার ভাবতে বাধ্য করে, যে শব্দটি কাকতালীয় ঘটনার ইঙ্গিত দেয়, সেই শব্দ কি আদৌ যথাযথ?

ভারতের রাস্তায় কারা প্রাণ হারাচ্ছেন?

সরকারি রিপোর্টে উঠে এসেছে এই মৃত্যুর শিকার মানুষদের পরিচয়। আর তার কিছু তথ্য আমাদের প্রচলিত ধারণার সম্পূর্ণ বিপরীত। পথ দুর্ঘটনায় মৃতদের ৪৪.৮ শতাংশই দু’চাকার গাড়ির চালক বা আরোহী। আর প্রায় ২০ শতাংশ পথচারী, যাঁরা শুধুমাত্র হেঁটে রাস্তা পার হচ্ছিলেন কিংবা রাস্তা দিয়ে চলছিলেন। অর্থাৎ, মোট মৃতের প্রায় দুই-তৃতীয়াংশই এই দুই শ্রেণির মানুষ। তাঁদের অধিকাংশের চারপাশে কোনও গাড়ির সুরক্ষিত কাঠামো ছিল না।

একটি গাড়ির দরজা আছে, ছাদ আছে। কিন্তু স্কুটারে থাকেন শুধু একজন আরোহী। আর ফুটপাথ থাকলেও সেখানে হাঁটেন একজন সাধারণ মানুষ। মৃতদের ৮৫ শতাংশই পুরুষ। অনেক পরিবারে তাঁরাই ছিলেন একমাত্র বা প্রধান উপার্জনকারী। ফলে প্রতিটি মৃত্যুর পর একটি পরিবারকে কম উপার্জন নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করতে হয়। এই তালিকায় রয়েছে ৯,৪৮৯ জন শিশুও।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা কেন গ্রামাঞ্চলে বেশি?

ভৌগোলিক পরিসংখ্যানও বেশ চমকে দেওয়ার মতো। আমরা সাধারণত মনে করি, যানজট আর গাড়ির ব্রেকের কর্কশ শব্দে ভরা শহরেই সড়ক দুর্ঘটনা বেশি ঘটে। কিন্তু বাস্তব বলছে, প্রায় ৬৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে গ্রামাঞ্চলে।

সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দিল্লিতে। সেখানে প্রাণ হারিয়েছেন ১,৪৫৭ জন। যা দেশের মোট মৃত্যুর এক শতাংশেরও কম। অন্যদিকে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে মৃতের সংখ্যা ২৩,৬৫২, যা দেশের মোট মৃত্যুর ১৩.৭ শতাংশ। অর্থাৎ, বিপদের কেন্দ্র শহরের ব্যস্ত রাস্তা নয়, বরং গ্রামের বাইরের সেই মহাসড়ক। যেখানে একটি ট্রাক ওভারটেক করছে গরুর গাড়িকে। যেখানে কোনও ফুটপাথ নেই, অথচ সেই রাস্তা দিয়েই স্কুলে যায় শিশুরা।

রিপোর্ট অনুযায়ী, মোট মৃত্যুর ৬৮.১ শতাংশের পিছনে রয়েছে অতিরিক্ত গতি। এর কারণ বুঝতে খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। রাস্তার সহনক্ষমতার চেয়ে একটু বেশি জোরে চাপ দেওয়া হয়েছিল অ্যাক্সিলারেটরে। আর তারই পরিণতি ভয়াবহ।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা কেন ‘অ্যাক্সিডেন্ট’-এর বদলে ‘ক্র্যাশ’ শব্দটি ব্যবহার করতে চান?

এবার ফিরে আসা যাক সেই শব্দের প্রসঙ্গে। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই ‘অ্যাক্সিডেন্ট’ বা দুর্ঘটনার পরিবর্তে ‘ক্র্যাশ’ শব্দটি ব্যবহারের পক্ষপাতী। কারণ, একটি ক্র্যাশ বা সংঘর্ষের পিছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে।

সেখানে থাকতে পারে অতিরিক্ত গতি। থাকতে পারে ডিভাইডারহীন রাস্তা, ট্রাফিক সিগন্যালবিহীন মোড়, দীর্ঘ রাত জেগে গাড়ি চালানো ক্লান্ত চালক কিংবা খারাপ অবস্থায় থাকা কোনও যানবাহন। আবার এমনও হতে পারে, অ্যাম্বুল্যান্স একটু আগে পৌঁছলে হয়তো বেঁচে যেতেন দুর্ঘটনার শিকার মানুষটি।

আমরা কোন শব্দ ব্যবহার করছি, তার উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপও। কোনও ঘটনাকে দুর্ঘটনা বললে আমরা দীর্ঘশ্বাস ফেলি, দুঃখ প্রকাশ করি। কিন্তু সেটিকে ক্র্যাশ বা সংঘর্ষ বললে প্রশ্ন করি, কীভাবে ঘটনাটি এড়ানো যেত? আর যে সমাজ এই দ্বিতীয় প্রশ্নটি করতে শেখে, সময়ের সঙ্গে সঙ্গে সেই সমাজই নিরাপদ রাস্তা তৈরি করতে পারে।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আমাদের প্রতিক্রিয়াকে কীভাবে প্রভাবিত করে ভাষা?

সুরেশের প্রতিবেশীরা অত্যন্ত সহানুভূতিশীল মানুষ ছিলেন। তাঁরা প্রশ্ন তোলেননি। বরং প্রতিবেশীরা যা করেন, সেটাই করেছিলেন। বাড়িতে খাবার নিয়ে গিয়েছিলেন, মেঝেতে বসে পরিবারের পাশে থেকেছিলেন। আর সুরেশের মেয়েকে বুঝিয়েছিলেন, এসব ঘটনা ভাগ্যে লেখা থাকে।

এর জন্য কোনও একজন মানুষকে দায়ী করা অন্যায় হবে। কোনও মৃত্যুর শোক সামলাতে গেলে মানুষ এমন একটি শব্দ আঁকড়ে ধরতে চায়, যা তাকে কিছুটা সান্ত্বনা দিতে পারে। কিন্তু লক্ষ করার বিষয় হল, প্রশ্ন ওঠার আগেই সেই শব্দটি তৈরি ছিল।

সড়ক নিরাপত্তার দায় কি শুধু চালকের?

একজন চালকের উপর সমস্ত দায় চাপিয়ে দেওয়াও অন্যায় হবে। চালকের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তার নকশা তৈরি করা ইঞ্জিনিয়ারের দায়িত্ব, ট্রাফিক আইন কার্যকর করা আধিকারিকের ভূমিকা, গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মালিক এবং দুর্ঘটনার পর কত দ্রুত সাহায্য পৌঁছবে, তা নির্ধারণ করা ব্যবস্থাটিও।

সড়ক নিরাপত্তার দায়িত্ব এই প্রত্যেকের। এমনকী কিছুটা হলেও প্রত্যেক রাস্তা ব্যবহারকারীর। কারণ, আমরা প্রায় সকলেই কোনও না কোনওভাবে প্রতিদিন রাস্তা ব্যবহার করি। ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের জীবনধারণের অধিকার নিশ্চিত করা হয়েছে। আর সেই অধিকার বাড়ির দরজায় এসে শেষ হয়ে যায় না। একজন মানুষ যখন স্কুটার চালিয়ে রাস্তায় বের হন কিংবা কোনও শিশু যখন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, তখনও তাঁর সঙ্গে থাকে সেই অধিকার।

সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান আমাদের কী জানায় না?

পাঠকদের এটাও জানানো জরুরি যে, এই পরিসংখ্যান আমাদের সব প্রশ্নের উত্তর দেয় না। এই তথ্য থেকে জানা যায় না, মৃতদের মধ্যে কতজন হেলমেট বা সিটবেল্ট পরেছিলেন। তাই এ বিষয়ে কোনও অনুমান করা ঠিক হবে না। তবে এটুকু বলা যায়, হেলমেট এবং সিটবেল্ট ব্যবহারের নিয়ম রয়েছে কারণ এগুলি সত্যিই জীবন বাঁচাতে সাহায্য করে।

শুধু ব্যক্তিগত সতর্কতা কি প্রতিটি যাত্রাকে নিরাপদ করতে পারে?

এই পরিসংখ্যানের সবচেয়ে অস্বস্তিকর দিক হল, যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রত্যেকেই ছিলেন আমাদের মতোই সাধারণ মানুষ। প্রতিদিনের মতোই তাঁরা সকালে ঘুম থেকে উঠেছিলেন। পকেটে ছিল ফোন, মনে ছিল সন্ধ্যার কোনও পরিকল্পনা।

আমাদের প্রায় প্রত্যেকেই প্রতিদিন কোনও না কোনওভাবে রাস্তা ব্যবহার করি। আমরা নিজেদের সতর্ক মনে করি। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো আমরা সতর্কও থাকি। কিন্তু একটি নিরাপদ যাত্রার জন্য শুধু ব্যক্তিগত সতর্কতাই যথেষ্ট নয়। রাস্তার পরিকাঠামো, আশপাশের যানবাহনের আচরণ এবং এই দু’টি বিষয় কীভাবে পরিচালিত হচ্ছে, তা নির্ধারণ করা মানুষগুলির ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ।

তাই পরের বার যখন কোনও সড়ক দুর্ঘটনার খবর পড়বেন, তখন কি সেটিকে নিছক ভাগ্যের পরিহাস বলে মেনে নেবেন? নাকি প্রশ্ন করবেন, কী করলে এই মৃত্যুকে আটকানো যেত?

সূত্র: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক, ভারত সরকার—Road Accidents in India 2023 (মৃত্যুর সংখ্যা, যানবাহনের ধরন, বয়স, লিঙ্গ, গ্রাম-শহরের বিভাজন, রাজ্য ও শহরভিত্তিক পরিসংখ্যান এবং দুর্ঘটনার কারণ); ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ।

বিশেষ দ্রষ্টব্য: সুরেশ ও তাঁর পরিবারের কাহিনি কাল্পনিক। কিন্তু পরিসংখ্যানগুলি বাস্তব।

Loading...
Unable to load recommendations.
Follow Us