
নয়া দিল্লি: ‘খড়্গ শুধু তাঁর হাতেই মানায়’, এই ভাষাতেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কালীর সঙ্গে তুলনা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাঁর মুখে বারবার শোনা গিয়েছে উন্নয়নের কথা। এমনকী হুগলিতে এমন শিল্পোন্নয়ন দেখেছিলেন তিনি, যে চারিদিকে ধোঁয়া দেখেছিলেন তিনি। আর রাজ্যে পালাবদলের পর সেই রচনা বলছেন, গত ১৫ বছরে তো কোনও কাজ হতেই দেখেননি তিনি।
দিল্লিতে যে ২০ জন সাংসদ বিক্ষুব্ধ হিসেবে এনসিপিআই দলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সই আগেই প্রকাশ্যে এসেছে। তবে গত রবিবার যখন বাকি সাংসদরা অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন, তখন বিদেশে ছিলেন রচনা। তাই বিদেশ থেকে ফিরে মঙ্গলবার প্রথমে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও পরে আর এক সাংসদ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি।
রচনা জানান, কাজ করতে যাতে সুবিধা হয়, তার জন্যই এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রচনা বলেন, “দিদিকে সম্মান করি। চিরকাল শ্রদ্ধা করব। কিন্তু, আমাদের যারা ভোট দিয়েছে, তারা চায় আমরা কাজ করি। দিদির লোক- ট্যাগ নিয়ে ঘুরব, হাত নেড়ে চলে যাব। এটা তো হবে না। কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সবথেকে বড় কথা, আমাদের নির্বাচনী কেন্দ্রের উন্নতি করতে হবে, এতদিন ধরে যা হয়নি।”
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রশংসা করে রচনা আরও বলেন, “১-২ মাস ধরে কত দ্রুত কাজ হচ্ছে। এতদিন ধরে মানুষ তো এরকম দেখেইনি, এরকমভাবে যে কাজ হতে পারে…। কেন্দ্রের শাসক দল রাজ্যে শাসন ক্ষমতায় থাকলে কাজ করতে সুবিধা হয়, গত ১৫ বছর ধরে যা হয়নি।”