UPI Charges Explained: গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য UPI পরিষেবা বিনামূল্যেই থাকবে, জানাল পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া

Payments Council of India: ইউপিআই এখন বিশ্বের সবচেয়ে বড় রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে। প্রতি মাসে কোটি কোটি নিরাপদ লেনদেন পরিচালনার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, তা দীর্ঘমেয়াদে কীভাবে টেকসই রাখা যায়, তা নিয়েই আলোচনা চলছে। তবে এই আলোচনার মধ্যেও গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

UPI Charges Explained: গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য UPI পরিষেবা বিনামূল্যেই থাকবে, জানাল পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া
ফাইল ফোটো

Aug 07, 2026 | 9:37 PM

নয়াদিল্লি: লোকসভায় পাশ হয়েছে ‘ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (সংশোধনী) বিল’। আর এই বিল পাশ হওয়ার পর ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) এবং মার্চেন্ট চার্জ (Merchant Charges) নিয়ে নানা আলোচনা চলছে। এই বিষয়ে প্রকৃত তথ্য এবং এর ফলে গ্রাহক, ব্যবসায়ী ও ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উপর কী প্রভাব পড়বে, তা এক নজরে দেখে নেওয়া যাক। জেনে নিন, কী বলছে পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া।

ইউপিআই ব্যবহার করতে কি গ্রাহকদের টাকা দিতে হবে?

না। ২০১৬ সালে চালু হওয়ার পর থেকেই গ্রাহকদের (কনজিউমার্স) জন্য ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। দেশের প্রত্যেক নাগরিক আগের মতোই কোনও লেনদেন ফি ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

ছোট দোকানদার বা কিরানা স্টোর কি ইউপিআই গ্রহণের জন্য কোনও চার্জ দেবে?

না। ছোট ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্ট গ্রহণের জন্য কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) দিতে হয় না। ইউপিআই এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দেশের ক্ষুদ্রতম ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন। ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই এই ব্যবস্থার অন্যতম মূল লক্ষ্য।

তাহলে এখন ইউপিআই চার্জ নিয়ে আলোচনা কেন?

ইউপিআই এখন বিশ্বের সবচেয়ে বড় রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে। প্রতি মাসে কোটি কোটি নিরাপদ লেনদেন পরিচালনার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, তা দীর্ঘমেয়াদে কীভাবে টেকসই রাখা যায়, তা নিয়েই আলোচনা চলছে। তবে এই আলোচনার মধ্যেও গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ইউপিআই কে তৈরি করেছে এবং কারা এখনও এতে বিনিয়োগ করছে?

গত প্রায় ১০ বছর ধরে ব্যাঙ্ক, পেমেন্ট সংস্থা, ফিনটেক কোম্পানি, এনপিসিআই (NPCI) এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) যৌথভাবে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, উদ্ভাবন এবং গ্রাহক পরিষেবায় বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ এখনও অব্যাহত রয়েছে, যাতে ইউপিআই ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে চালু থাকে।

ইউপিআই যদি বিনামূল্যে হয়, তাহলে অপারেটিং খরচ কে বহন করে?

জাতীয় পেমেন্ট পরিকাঠামো পরিচালনার জন্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ, বিধি মেনে চলা, গ্রাহক পরিষেবা এবং উদ্ভাবনে নিয়মিত বিনিয়োগ প্রয়োজন। বর্তমানে এই খরচ ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বহন করছে, যাতে গ্রাহকরা নিরাপদ ও নির্বিঘ্নে ইউপিআই ব্যবহার করতে পারেন।

যদি বড় ব্যবসায়ীদের ইউপিআই গ্রহণের জন্য চার্জ দিতে হয়, তাহলে কি গ্রাহকদেরও টাকা দিতে হবে?

না। যেখানে প্রযোজ্য, সেখানে মার্চেন্ট সার্ভিস চার্জ (Merchant Service Charges) ব্যবসায়ী এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীর মধ্যে একটি বাণিজ্যিক ব্যবস্থা। এর অর্থ এই নয় যে গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের জন্য কোনও চার্জ দিতে হবে। বিশ্বের বহু দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে, অথচ গ্রাহকরা বিনামূল্যেই নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট পরিষেবা পান।

ইউপিআই ব্যবস্থাকে বজায় রাখা কেন গুরুত্বপূর্ণ?

আজ ইউপিআই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো, যা প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। লেনদেনের সংখ্যা যত বাড়ছে, ততই নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা, জালিয়াতি প্রতিরোধ, উদ্ভাবন এবং পরিকাঠামোয় ধারাবাহিক বিনিয়োগ জরুরি হয়ে উঠছে। এর ফলে আগামী দিনেও ইউপিআই গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ পরিষেবা দিতে সক্ষম হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us