
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক পাওয়ার হাউস হয়ে উঠবে ভারত। ভারতের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক, TV9-এর বার্ষিক সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র মঞ্চে এই বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন পুনাওয়ালা ফিনকর্পের এমডি অভয় ভুতড়া। প্রধানমন্ত্রী মোদী ভারতে যে ডিজিটাল বিপ্লব এনেছেন, তা দেশের ছোট শহরগুলিকে কীভাবে বদলে দিয়েছে, সেই বিষয়ে আলোচনা করেন তিনি। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছেন, তাও দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমাদের সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ, আমাদের সমাজের প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব ফেলছে। তাদের আকাঙ্খা, তাদের বৃদ্ধি এবং তাদের স্বপ্ন পূরণে সাহায্য করছে। আমি মহারাষ্ট্রের লাতুর নামে এক ছোট জায়গা থেকে এসেছি। আমি দেখেছি, কীভাবে ডিজিটালাইজেশন বিভিন্ন বাধা ভেঙে দিয়েছে। আমার মতো প্রতিটি ছোট-শহরের নাগরিককে দেশ গঠনে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। আমার কাছে এটা ‘সংকল্প থেকে সিদ্ধি’র আসল প্রমাণ। আমার মতো লক্ষ লক্ষ ভারতীয় আজ আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করছে। সকলের মনে বিশ্বাস এসেছে, দেশ হিসেবে আমাদের বিশ্ব গুরু হওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে। সব শেষে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোগ এবং মানবসম্পদের উন্নয়নের উপর ফোকাস-সহ আন্তর্জাতিক পাওয়ার হাউস হিসাবে মর্যাদা পাবে ভারত। এই বিষয়ে আমি নিশ্চিত।”
ভুতড়া আরও বলেন, ডিজিটাল বিপ্লবের কারমে, দেশে ডিজিটাল এবং প্রযুক্তিগত সমাধানের এক নতুন বাজার তৈরি হয়েছে। ভারত সরকারের প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্ট যোজনা, ইউপিআই এবং ভিমের মতো উদ্যোগগুলি মানুষকে উন্নয়নে সামিল করেছে। শুধু তাই নয়, দেশে ডিজিটাল পেমেন্টের পরিসরও বেড়েছে। ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরি করছে সরকার। ই-কমার্সের প্রসার ঘটছে। মানুষের মধ্যে ফোনের ব্যবহার বাড়ছে।
তিনি আরও জানান, ডিজিটাল ইন্ডিয়ার মতো বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ, ভারতীয় সমাজকে ডিজিটাল দিক থেকে ক্ষমতায়িত করেছে। উন্নয়নের ক্ষেত্রে আরও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নেওয়ায় নলেজ ইকোনমি বা জ্ঞানীয় অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে ভারত। ডিজিটাল পদক্ষেপগুলি ফসকে দিয়েছে উদ্ভাবন এবং উদ্যোগের সংস্কৃতিকে। তৈরি হচ্ছএ নতুন নতুন কর্মসংস্থান, তরতরিয়ে এগোচ্ছ অর্থনৈতিক বৃদ্ধি। ২০৪৭ সালের মধ্যেই ভারত উন্নত দেশগুলির তালিকায় উঠে আসবে বলে জানিয়েছেন অভয় ভুতরা।