
চেন্নাই: যাদের দায়িত্ব ঠিক-ভুলের শিক্ষা দেওয়া, জীবনের পাঠ দেওয়া, তারাই যখন কুকাজ করে? এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল স্কুলেরই তিন শিক্ষকের বিরুদ্ধে। গোটা ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিভাবকরা স্কুলের বাইরে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করা হয়েছে।
ইতিমধ্যেই অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়।
জানা গিয়েছে, কয়েক মাস আগে তিন শিক্ষক মিলে নাবালিকাকে গণধর্ষণ করে। মুখ খুলতে বারণ করে ভয়ও দেখিয়েছিলেন তারা। স্কুলেই শিক্ষকদের ঘৃণ্য লালসার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে নাবালিকা। স্কুলে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।
এদিকে, এক মাস ধরে ওই ছাত্রী স্কুলে না আসায়, প্রিন্সিপাল খোঁজ করেন। নাবালিকার পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করলে, তার মা সব কিছু খুলে বলে। প্রিন্সিপালই প্রথম পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেন। জেলা শিশু সুরক্ষা কমিশনেও খবর দেন।
এরপরই পুলিশ গিয়ে ওই তিন শিক্ষককে গ্রেফতার করে। তাদের ১৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে নাবালিকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন নির্যাতিতা।