
তৎকাল টিকিট (Tatkal Ticket Book) বুক করেন অনেকে। আর এই টিকিট বুকিংয়ের জন্য আইআরসিটিসি (IRCTC) অ্যাপ খুব জনপ্রিয়। প্রচুর যাত্রী আছে, যাঁরা এই অ্যাপ থেকে টিকিট বুকিং করে থাকেন। তবে জানেন কি আইআরসিটিসি ছাড়াও রেল ওয়ান (Rail One) অ্যাপ রয়েছে এই টিকিট কাটার জন্য। বর্তমানে সেটি খুবই জনপ্রিয়। দু’টি অ্যাপের মাধ্যমেই টিকিট কাটা যায়। কিন্তু জানেন যখন তৎকাল বুকিংয়ের বিষয় আসে তখন কোনটি বেশি সুবিধাজনক? কোনটিই বা দ্রুততার সঙ্গে কাজ করে? জেনে নিন টিকিট কনফার্ম করার ক্ষেত্রে কোন অ্যাপটি বেশি দ্রুত কাজ করে।
তৎকাল বুকিং এর আগে যাঁরা করেছেন তাঁরা সকলেই জানেন, সকাল ১০ থেকে ১১ টার সময়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। কয়েক মুহূর্ত দেরি হলে পছন্দের সিট নাও পেতে পারেন। IRCTC হল টিকিট বুকিংয়ের মূল অ্যাপলিকেশন। তবে এখন যাত্রীদের জন্য যোগ হয়েছে রেল ওয়ান অ্যাপ। ফলত প্রশ্ন ওঠে টিকিট বুকিংয়ের জন্য কোন অ্যাপটি খুব দ্রুত কাজ করে।
‘রেলওয়ান’ (Railone) হল একটি সুপার অ্যাপ। কারণ, এই অ্যাপে রেল সংক্রান্ত বিভিন্ন পরিষেবা যাত্রীরা পেয়ে থাকেন। এখানে সিট রিজার্ভ হল কি না, নাকি আনরিজার্ভ থাকবে, প্ল্যাটফর্ম টিকিট, ট্রেনের অবস্থান কোথায়, পিএনআর ডিটেল, কোন কোচ কোথায় রয়েছে, কীভাবে খাবার অর্ডার করবেন ইত্যাদি..ইত্যাদি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন এই অ্যাপে।
অন্যদিকে, IRCTC অ্যাপে মূলত টিকিট বুক করা যায়। তবে এখানে ট্রেনে পর্যাপ্ত সিট রয়েছে কি না, ট্রেনের সময়, টিকিট কনফার্ম, টিকিট বাতিল ইত্যাদি জানা যায়। তবে এখানে প্ল্যাটফর্ম টিকিট কাটা যায় না।
তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত মূল্যবান। বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে হাজার হাজার যাত্রী লগ-ইন করেন। যে যাত্রী যত দ্রুত নিজেদের বিবরণ ও টাকা দিয়ে বুক করতে পারেন তাঁরই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। RailOne এবং IRCTC Rail Connect উভয়ই একটি ‘মাস্টার লিস্ট’ দেয়। সেখানে যাত্রীরা আগে থেকেই নাম,বয়স এবং জন্মতারিখ সংরক্ষণ করতে পারেন।
তৎকাল বুকিংয়ে পেমেন্টও একটি বড় বিষয়। RailOne-এ একটি ‘বিল্ট-ইন ওয়ালেট’ রয়েছে। সেই ওয়ালেটে ব্যালেন্স থাকলে ব্যবহারকারীরা এক ক্লিকে পেমেন্ট সম্পন্ন করার সুযোগ পান। ফলে, নর্মাল UPI পেমেন্ট করতে যেটুকু সময় নষ্ট হয়, এক্ষেত্রে সেটা হয় না।
অপরদিকে, ‘IRCTC Rail Connect’ অ্যাপে এই বিল্ট-ইন ওয়ালেট সুবিধাটি নেই। ফলে, তথাকথিত অনলাইন পেমেন্টের ওপর নির্ভর করে। IRCTC-র মাধ্যমে বুকিং সম্পন্ন করতে অতিরিক্ত ১০-১৫ সেকেন্ড সময় লাগতে পারে। আর সেই সময়ের মধ্যেই অন্য কেউ টিকিট বুক করে ফেলতে পারে।
‘IRCTC Rail Connect’ যাত্রীদের জন্য একটি নির্ভরযোগ্য অ্যাপ। তবে নিশ্চিত তৎকাল টিকিট পেতে IRCTC অ্যাপের পাশাপাশি রেলওয়ান অ্যাপটিও রাখলে সুবিধা বাড়বে।