
কলকাতা: তৃণমূলে ‘বিশ্বাসঘাতক’ কারা তা ভালই চেনেন তিনি। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের মহাসমাবেশ থেকে এমনটাই বার্তা দিলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এমনকি দলে থেকে কারা ‘দলবিরোধী’ কাজ করছেন, সেই বিষয়েও যে খোঁজ রেখেছেন তিনি, তাও সাফ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার আয়োজিত সেই মহাসমাবেশ থেকে অভিষেক বলেন, ‘দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মুকুল, শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম।’ তাঁর আরও দাবি, ‘অনেকেই সংবাদমাধ্য়মের আলোয় ভেসে থাকার জন্য দলকে ছোট করছেন। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।’
শুভেন্দু অধিকারি এখন তৃণমূলচ্যুত। মমতার হাত ছেড়ে তিনি গিয়ে ভিড়েছেন বিজেপিতে। নিজের মতোই চালিয়ে যাচ্ছেন হিন্দু-হিন্দুত্বের রাজনীতি। কিন্তু মুকুল? তিনি কোন পক্ষে? ২০১৭ সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি চলে যান বিজেপিতে। বাংলার রাজনীতির সে একটা অন্যতম পর্ব। এই রাজ্য়ে তৃণমূলের উত্থানের নেপথ্য়ে কিন্তু কারিগর তিনিও। সেই মুকুলই তখন তৃণমূলের কাছে হয়ে ওঠেন ‘বিশ্বাসঘাতক’।
পরে আবার একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলেই ‘ঘর ওয়াপসি’ করেন মুকুল রায়। সেই সময় খোদ মুকুল-পুত্র শুভ্রাংশুকে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে ঘন ঘন যাতায়াত করতে। তবে এখন মুকুল রাজনীতির বাইরে। সময়ের কালে পড়ে শরীর ক্ষয়ে গিয়েছে তাঁর। গুরুতর রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন বোধবুদ্ধি। বিজেপি-তৃণমূল এখন এই সব তার আওতার বাইরে। কিন্তু অভিষেকের কাছে তিনি ‘বিশ্বাসঘাতক’।
বৃহস্পতিবার মঞ্চ থেকে যখন এমন বার্তা দিচ্ছেন তৃণমূল সাংসদ। সেই সময় মূল মঞ্চের অদূরেই দাঁড়িয়ে ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। ছেলের সামনেই বাবার অপমান। এবার তা নিয়ে খোঁচা বিজেপির কৌস্তভ বাগচীর। নিজের সমাজমাধ্যমে শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বেটা হো তো অয়সা! নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায়! তুললেন হাসি মুখে ছবি!’