Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় ফের চাপে অভিষেক, আবেদনই শুনলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য

Abhishek Banerjee Voice Sample Case: বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ার পর অভিষেকের কন্ঠস্বর নমুনা সংক্রান্ত মামলা যায় সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানেই আজ অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। আবেদন খারিজ করে কী জানালেন?

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় ফের চাপে অভিষেক, আবেদনই শুনলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 03, 2026 | 11:59 AM

কলকাতা: কণ্ঠস্বরের নমুনা মামলায় ফের চাপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন করেছিলেন। কিন্তু, তা খারিজ করে দিলেন বিচারপতি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবারের আগে কোনও আবেদনই তিনি শুনবেন না। এদিকে, বুধবারই অভিষেককে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত।

অভিষেকের ডিজে মন্তব্য

ছাব্বিশের ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, “চার তারিখ বারটার পরে কোন জল্লাদের কত ক্ষমতা। কার দিল্লির বাবা তাঁকে বাঁচাতে আসে আমি দেখব। আর চার তারিখ… মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন স্টিয়ারিং আমার হাতে থাকবে। DJ তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।” অভিষেকের এই মন্তব্য নিয়ে মামলা হয়। ডিজে মামলা ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এখনও তাঁর এজলাসে মামলা চলছে।

এদিকে, তদন্তে নেমে আধিকারিকরা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চান। তদন্তকারী আধিকারিকদের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যান অভিষেক। আরও একটা মামলা হয়। কন্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলা দায়েরের অনুমতি দেয় বিচারপতি কৌশিক চন্দ। কিন্তু, প্রথমে শুনানি হয়নি। পরে মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য প্রশ্ন তোলেন,  কন্ঠস্বরের নমুনার প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কি না। সেইসময় বিচারপতি তীর্থঙ্কর একটি উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন। বিচারপতি প্রশ্ন তোলেন, তদন্তকারী আধিকারিক যদি মনে করেন ভয়েস স্যাম্পেল দরকার, তাহলে আদালত কি না বলতে পারে? তদন্ত যতক্ষণ চলছে, ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ, নমুনা পরীক্ষায় কোনও হস্তক্ষেপই করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে তিনি এই মামলাও ছেড়ে দেন। ডিজে মামলা যেহেতু বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারাধীন রয়েছে, তাই মামলা থেকে সরে দাঁড়ান তিনি।

সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি

অভিষেকের কন্ঠস্বর নমুনা সংক্রান্ত মামলা যায় সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানেই আজ অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন করেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি। সৌগত ভট্টাচার্য জানান, মঙ্গলবারের আগে কোনও আবেদনই শুনবেন না। পুনরায় মঙ্গলবার আবেদনের কথা জানিয়েছেন। তারপরে শুনানি নিয়ে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ৩০ জুন অর্থাৎ মঙ্গলবারই বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, তিনি আদালতে হাজির হননি। সিআইডি-র তরফে জানানো হয়, কলকাতা হাইকোর্টে গিয়েছেন অভিষেক। এরপর ৮ জুলাই অর্থাৎ বুধবার কন্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ফের আবেদন করতে পারেন অভিষেক।

Follow Us