
কলকাতা: পুরনিগমের নোটিসের জবাবে আগেই সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার পাল্টা প্রশ্ন তুলে দিলেন জবাব। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ির সামনে নোটিস দিয়ে এসেছিলেন পুরনিগমের কর্মীরা। এক মিনিটের মধ্যেই সেই নোটিস ছিঁড়ে ফেলেছিলেন তৃণমূল সাংসদের বাউন্সার। সেই নোটিসেরই জবাব দিলেন সাংসদ।
সাংসদের বাড়িতে মোট দুবার নোটিস দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি নোটিস দেওয়া হয়েছিল প্রথমে। পরে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে থাকা শান্তিনিকেতন নামে ওই বাড়িতে ফের নোটিস দেওয়া হয় পুরনিগমের অ্যাসেসমেন্ট বিভাগের তরফ থেকে।
রবিবারই একটি নোটিসের জবাব দেন অভিষেক। সেখানে সময় চেয়ে নেন তিনি। চিঠির জবাব দেওয়ার জন্য ১০ দিন সময় চান। প্রশ্ন ওঠে, তিনি কি শেষ পর্যন্ত সুর নরম করেছেন? এবার পাল্টা প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘রাজনৈতিক প্রতিহিংসা’য় ওই নোটিস দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। বিল্ডিং নিয়মে কোথায় বিচ্যুতি, প্রশ্ন তুলেছেন অভিষেক। নিয়ম ভেঙে এভাবে কেন নোটিস দেওয়া হল, সেই প্রশ্নও রয়েছে চিঠিতে।
এর আগে বাড়ির বেআইনি অংশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষুব্ধ হয়েছিলেন অভিষেক। ক্ষুব্ধ অভিষেক বলেছিলেন, “কলকাতা পৌরনিগমে গিয়ে জিজ্ঞাসা করুন, অবৈধ অংশটা কোথায়।” শুধু অভিষেকের ওই বাড়িই নয়, কালীঘাটে তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা বাড়িতেও নোটিস গিয়েছে। কলকাতা পুরনিগম সূত্রে খবর, অভিষেককে তথ্য দেওয়ার জন্য সেই সময় দেওয়ার হবে তাদের পক্ষ থেকে।