
কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মা। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় সোমবার হাইকোর্টে কলকাতা পৌরনিগমের নোটিস খারিজের আবেদন জানান। তাঁদের বক্তব্য, তাঁদের ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে নির্মিত। বৈধভাবে নির্মিত এই বাড়িতে বেআইনি নির্মাণ নিয়ে নোটিস দিয়েছে কলকাতা পৌরনিগম। তাই পৌরনিগমের নোটিস খারিজ করা হোক।
রাজ্যে পালাবদলের পর কলকাতা পৌরনিগমের তরফে অভিষেকের একাধিক বাড়িতে নোটিস পাঠানো হয়। বাড়িতে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কথা বলা হয়। অভিষেকের শান্তিনিকেতন বাড়িতেও এই নোটিস দেওয়া হয়েছে। তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কয়েকদিন আগে মেজাজ হারিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, আগে পৌরনিগম জানাক, কোন অংশ বেআইনি, তারপর তিনি মন্তব্য করবেন।
এবার অভিষেকের বাবা-মা কলকাতা হাইকোর্টে জানালেন, তাঁদের ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নোটিস পাঠিয়েছে পৌরনিগম। নিজেদের আবেদনে তাঁরা দাবি করেছেন, এই বাড়ি বৈধভাবে নির্মিত। তারপরও বেআইনি নির্মাণ নিয়ে নোটিস পাঠিয়েছে পৌরনিগম। তাই, নোটিসটি খারিজ করা হোক। আগামী বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। অভিষেকের বাবা-মার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।
কলকাতা পৌরনিগম তৃণমূলের দখলে। কিন্তু, রাজ্যে পালাবদলের পরই বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা পৌরনিগমও সক্রিয় হয়। তারই পরিপ্রেক্ষিতে একাধিক ঠিকানায় বেআইনি নির্মাণ ভাঙার জন্য নোটিস পাঠানো হয়। আবার রাজ্য সরকারের তরফেও কলকাতার একাধিক জায়গায় বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হয়। জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে এই নোটিস পাঠানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মেয়র ফিরহাদ হাকিম জানান, এই নিয়ে তিনি কিছু জানেন না। পুর কমিশনারের তরফে এই নোটিস পাঠানো হয়েছে।