
কলকাতা: দুর্গাপুজোর জন্য বাগবাজারে ফাস্ট ফুডের স্টল দিয়েছিলেন এক যুবক। অভিযোগ, নবমীর রাতে সেই দোকানেই হাজির হন একদল যুবক। অভিযোগ, দোকানদারকে লক্ষ্য করে কড়াইয়ের গরম তেল ছোড়ে। গুরুতর জখম হন ওই দোকানদার। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুরনো শত্রুতার জেরেই ঘটেছে এমন ঘটনা। গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন লোকনাথ দাস (২৬)।
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষ্যে বাগবাজার গোলাবাড়ি ঘাটের সংলগ্ন এলাকায় কয়েকজন বন্ধুরা অস্থায়ী ফার্স্ট ফুডের দোকান দিয়েছিলো। নবমীর রাতে অভিযুক্ত যুবক সানি প্যাটেল কয়েকজন যুবকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছে ঝামেলা শুরু করে। অভিযোগ, অস্থায়ী ফাস্ট-ফুডের দোকানে ভাঙচুর করে। এরপর লোকনাথ দাসকে উদ্দেশ্য করে নানারকম হুমকি দিতে শুরু করে। আচমকাই অভিযুক্ত সানি দোকানের কড়াই উল্টে ফুটন্ত তেল ছুঁড়ে মারে লোকনাথের দিকে। গরম তেল মুখ সহ শরীরের বিভিন্ন অংশে লাগার ফলে গুরুতর আহত হন লোকনাথ বলে খবর।
নর্থ পোর্ট থানায় লিখিত অভিযোগ ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে অভিযোগকারীকে গরম তেল ছুঁড়ে মারা হয়। ঘটনার নেপথ্যে অন্যকোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “দোকানদারি করছিলাম। পরে শুনি স্থানীয় কিছু ছেলে এসে দোকান ভাঙচুর করে। পুরো দোকান ভেঙে দিয়েছে। আর একটা ছেলেকে তেল ঢেলে দিয়েছে। কেন করেছে, কারা করেছে জানি না।”