Rabindranath-Jamini Roy Painting Missing: বাংলা অ্যাকাডেমি থেকে ‘উধাও’ রবীন্দ্রনাথ, যামিনী রায়ের আঁকা ছবি? উঠল বিস্ফোরক অভিযোগ

Bangla Academy: ১২০০ থেকে ১৩০০-র কাছাকছি ছবি আছে অ্যাকাডেমি ও চারুকলা ভবনে। যার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, এমনকী যামিনী রায়ের আঁকা ছবি। তৃণমূল জমানায় এই রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য তৈরি হয়েছিল কমিটি।

Rabindranath-Jamini Roy Painting Missing: বাংলা অ্যাকাডেমি থেকে উধাও রবীন্দ্রনাথ, যামিনী রায়ের আঁকা ছবি? উঠল বিস্ফোরক অভিযোগ
তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 27, 2026 | 8:03 PM

কলকাতা: দুর্নীতির থাবা কি বাংলা অ্যাকাডেমিতেও? উঠল বড় অভিযোগ। বাংলা অ্যাকাডেমি থেকে যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা আসল ছবি উধাও? বাংলা অ্যাকাডেমিতে অভিযান দুর্নীতি বিরোধী কমিশনের। গোটা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেই জানালেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

কমিশন সূত্রে খবর, বাংলা অ্যাকাডেমি ও চারুকলা ভবনে থাকা বেশ কিছু দুষ্প্রাপ্য ছবির কোনওরকম রক্ষণাবেক্ষণে অভাব রয়েছে। বিগত জমানায় কোনও রক্ষণাবেক্ষণ করা হয়নি। ১২০০ থেকে ১৩০০-র কাছাকছি ছবি আছে অ্যাকাডেমি ও চারুকলা ভবনে। যার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, এমনকী যামিনী রায়ের আঁকা ছবি। তৃণমূল জমানায় এই রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য তৈরি হয়েছিল কমিটি। প্রতিবছর ফান্ড দেওয়া হত, অথচ রক্ষণাবেক্ষণ হয়নি। তাহলে সেই টাকা কোথায় গেল? খোঁজে নামল তদন্ত কমিটি।

বিভিন্ন সময়ে পুরস্কার দেওয়া নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। যার যার নাম সামনে আসবে, সকলকেই ডাকা হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তিনি বলেন, “বেশ কিছু অভিযোগ আছে। জামিনী রায়, রবীন্দ্রনাথের ছবির সংরক্ষণ খুবই খারাপ। আমরা দেখে গেলাম। মূল অভিযোগ যেটা ছিল, যে অনেক আসল ছবি, হয়তো বা মিসিং। যে ছবিগুলি আছে, সেগুলি আসল নাও হতে পারে। সেই সব বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। আমাদের সঙ্গে এক্সপার্টরা এসেছেন, তাঁরা বিষয়টা যাচাই করে দেখছেন। বিভিন্ন সময়ে পুরস্কার দেওয়া নিয়েও অভিযোগ আছে। যার যার নাম আসবে, সকলকেই ডাকা হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে দুর্নীতির প্রমাণ মিলেছে।”

ইকনমিক অফেন্স উইং-র ডিজি কে.জয়রমন বলেন, “বাংলা অ্যাকাডেমি ও চারুকলা ভবনে রাখা কিছু ছবির সংরক্ষণ নিয়ে সমস্যার অভিযোগ ছিল। যে ছবিগুলি রাখা আছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।” অন্যদিকে, এই ঘটনা নিয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, ” আইনের বিষয়। যদি কমিশনের মনে হয়ে থাকে, তাই তদন্ত করতে গিয়েছেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us