Baranagar-Barrackpore Metro: বরাহনগর-ব্যারাকপুর মেট্রো ঘিরে আশার আলো, সাড়ে তিন বছরেই শেষ হবে কাজ?

New Metro in Bengal: সূত্রের খবর, এই মেট্রো প্রকল্পে প্রথম থেকেই জটিলতা ছিল কলকাতা পুরসভা ছয়টি জলের পাইপ লাইন নিয়ে। পলতা ইন্দিরা গান্ধীর জল পরিশোধন প্রকল্প থেকে ছয়টি জলের পাইপ লাইন বিটি রোডের নীচে দিয়ে টালা জলাধারে এসে পৌঁছেছে।

Baranagar-Barrackpore Metro: বরাহনগর-ব্যারাকপুর মেট্রো ঘিরে আশার আলো, সাড়ে তিন বছরেই শেষ হবে কাজ?
প্রতীকী ছবি Image Credit source: AI

| Edited By: জয়দীপ দাস

Jul 29, 2026 | 4:02 PM

কলকাতা: পালাবদলের রাজ্যে বরাহনগর-ব্যারাকপুর মেট্রো (পিঙ্ক লাইন) প্রকল্প ঘিরে আশার আলো। সমীক্ষায় কাজের ব্যাপারে জটিলতা কাটতেই সামনে এল দরপত্র। কাজ আদৌও সম্ভব কিনা তা নিয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করে খড়গপুর আইটিআই। রেল বিকাশ নিগম লিমিটেড সূত্রে খবর, সমীক্ষায় কাজের ব্যাপারে স্বস্তিজনক তথ্য মিলতেই দরপত্র প্রকাশে দেরি করল না আরভিএনএল। মোট ৪২ মাসে ১০ মেট্রো স্টেশন তৈরি হবে। তারমধ্যেই থাকছে বরাহনগর মেট্রো স্টেশন থেকে মঙ্গল পান্ডে ঘাট বা ব্যারাকপুর মেট্রো স্টেশন। কাজ শেষ হতে পারে সাড়ে তিন বছরের মধ্যে। 

সূত্রের খবর, এই মেট্রো প্রকল্পে প্রথম থেকেই জটিলতা ছিল কলকাতা পুরসভা ছয়টি জলের পাইপ লাইন নিয়ে। পলতা ইন্দিরা গান্ধীর জল পরিশোধন প্রকল্প থেকে ছয়টি জলের পাইপ লাইন বিটি রোডের নীচে দিয়ে টালা জলাধারে এসে পৌঁছেছে। এই জলের পাইপলাইন গুলি মূলত মেট্রো প্রকল্পের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ, দাবি কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের প্রাক্তন আধিকারিকদের। 

সূত্রের খবর, আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, মাইক্রো টানেলিং প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মাটির নীচে বিকল্প পাইপলাইন বসানোর পরিকল্পনা করা হয়েছে। সেই বিকল্প পাইপের মাধ্যমে পলতা থেকে টালা ট্যাঙ্কে জল সরবরাহ চালু রাখার পর ধাপে ধাপে পুরনো পাইপ সরানো হবে। ফলে কলকাতার পানীয় জল সরবরাহ ব্যাহত না করেই বিটি রোডে মেট্রো নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে। 

Loading...
Unable to load recommendations.
Follow Us