
কলকাতা: উচ্চমাধ্যমিক শেষ হলেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করবেন তিনি। সামনেই লোকসভা ভোট। সলতে পাকানোর কাজও প্রায় শেষ। তারমধ্যে মোদী বাংলায় এলে যে পদ্ম শিবিরে নতুন করে অক্সিজেন সঞ্চার হবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি রয়েছে প্রথম ভাষার পরীক্ষা। ১৯ ফেব্রুয়ারি রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা।
তবে শুধু যে মোদী বাংলায় আসছেন এমনটা নয়। আসছেন পদ্ম শিবিরের সেকেন্ড ইন কমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, কলকাতা কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ১০ মার্চ। সূত্রের খবর, এবারেও মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে জাতীয় নির্বাচন কমিশন। এবারে আবার বাংলার জন্য বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যসচিব, ডিজির পাশাপাশি বৈঠকের কথা রয়েছে জেলাশাসকদের সঙ্গে। ৪-৬ মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের কর্তারা। বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ কুমার ব্যাসকে।