
কলকাতা: চলতি মাসেই তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ থেকে ২২ অগাস্ট পর্যন্ত এই সফরসূচি ঘিরে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনিক মহলে।
নবান্ন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, এই সফরে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত এলাকার নিরাপত্তা সুসংহত করা এবং অবৈধ নগদ টাকা লেনদেন ও চোরাচালান রুখতে সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক ও পুলিশ প্রধানদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের রূপায়িত ‘ভাইব্রেন্ট ভিলেজ’ কর্মসূচির পর্যালোচনার পাশাপাশি একটি বিশেষ প্রদর্শনশালারও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
সফরের অন্যতম মূল বিষয় নয়া ফৌজদারী আইন প্রয়োগ সংক্রান্ত প্রশাসনিক আলোচনা। এছাড়া, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নমূলক একাধিক কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা ও শিলান্যাসের প্রস্তুতিও চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার শীর্ষ আধিকারিকদের সমন্বয়ে প্রস্তুতি নিচ্ছে নবান্ন।
গত ১৯ জুলাই কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কলকাতার জাতীয় গ্রন্থাগার (ন্যাশনাল লাইব্রেরি) চত্বরে ভারতের প্রথম ইমার্সিভ ভাষা জাদুঘর ‘শব্দলোক’ বা ‘মিউজিয়াম অব ওয়ার্ড’-এর উদ্বোধন করতে এসেছিলেন। জুলাই মাসেই তিনি শিলিগুড়ি ও ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন। কয়েকদিনের ব্যবধানে আবারও বাংলায় আসছেন তিনি।