Annapurna Yojana: বড় খবর, অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়া মহিলারা আবার আবেদন করতে পারবেন
Annapurna Yojana Claim and Objection Portal: কোনও আবেদনকারীকেই একেবারের রিজেক্টেড করা হচ্ছে না জানিয়ে মৌমিতা গোদারা বসু বলেন, "আমি আবার বলছি, কাউকে একদম বাদ (Rejected) দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাঁরা আবার ক্লেম ও অবজেকশন জানাতে পারেন। হতেই পারে, আর একটু ইন ডেপথ ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে ক্লেম করলে আবার ভেরিফিকেশন হবে। তারপর তিনি যোগ্য হলে টাকা পাবেন।"

কলকাতা: অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। আজ (১৭ অগস্ট) থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। কিন্তু, যাঁদের নাম বাদ পড়ল, তাঁদের জন্যও অন্নপূর্ণা যোজনার দরজা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। যাঁদের নাম আপাতত বাদ পড়ছে, তাঁরা ফের আবেদনের সুযোগ পাবেন বলে জানালেন তিনি।
কী বললেন মৌমিতা গোদারা বসু?
এদিন সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, গত ১০ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। ১৭ লক্ষের মতো নাম আপাতত বাদ পড়েছে জানিয়ে তাঁর সংযোজন, “যেসব শর্ত রাখা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ১০ জুলাইয়ের আগে যেসব আবেদনকারীর নাম বাদ পড়েছে, তারপরও তাঁরা কিন্তু বঞ্চিত হচ্ছেন না। তাঁর যদি টাকা না ঢোকে, তিনি একটা ক্লেম (দাবি) করবেন। সেই দাবি জেলা প্রশাসন আবার এনকোয়ারি করবে। সেখানে যদি দেখা যায়, উনি টাকা পাওয়ার যোগ্য, তবে তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে একদম বাদ দেওয়া হচ্ছে না। যাঁদের এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হল, তাঁরা আবার ক্লেম করতে পারেন। এবং ক্লেম করে টাকা পেতে পারেন, যদি তিনি ভেরিফিকেশনে যোগ্য হন।”
তারপরই তিনি জানান, ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ফেরিভিকেশন চলছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তাঁদের মধ্যে যাঁরা যোগ্য হবেন, তাঁরা টাকা পাবেন।
কাউকে একেবারে বাদ দেওয়া হচ্ছে না-
কোনও আবেদনকারীকেই একেবারের রিজেক্টেড করা হচ্ছে না জানিয়ে মৌমিতা গোদারা বসু বলেন, “আমি আবার বলছি, কাউকে একদম বাদ (Rejected) দেওয়া হচ্ছে না। অর্থাৎ তাঁরা আবার ক্লেম ও অবজেকশন জানাতে পারেন। হতেই পারে, আর একটু ইন ডেপথ ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে ক্লেম করলে আবার ভেরিফিকেশন হবে। তারপর তিনি যোগ্য হলে টাকা পাবেন।”
টাকা না পাওয়ার কারণ জানানো হবে-
নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব জানান, “যাঁরা পাবেন না, তাঁদের কারণ জানানো হবে। পাশে সেটা লেখা থাকবে। কারও বাড়িতে গিয়ে হয়তো পাওয়া যায়নি, সেটা পাশে লেখা থাকবে ‘নট ফাউন্ড’। সেটার উপর ভিত্তি করে তাঁরা ক্লেম করবেন। আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল রয়েছে, সেখানেই এই ক্লেম ও অবজেকশন জানানো যাবে। সেখানে আপাতত নতুন আবেদন করা যাবে না। আগামী ২ দিনের মধ্যে ক্লেম ও অবজেকশন জানানোর জন্য খুলে দেওয়া হবে পোর্টালটি। ১৯ অগস্টেই ক্লেম ও অবজেকশনের জন্য পোর্টাল খুলে যাবে।” তিনি জানান, আধার সম্পর্কিত মিস ম্যাচের জন্যই বেশিরভাগ নাম বাদ গিয়েছে। একইসঙ্গে সচিব জানিয়ে দেন, আবার পোর্টাল খোলা হলে এখনও যাঁরা আবেদন করেননি, তাঁরা আবেদন করতে পারবেন।
