
কলকাতা: ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। কিন্তু, এখনও হয়তো অনেকে রয়েছেন, যাঁরা আবেদন করেননি। তাঁরা এখন কি আবেদনের সুযোগ পাবেন? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠেছে। কারণ, সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটি সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে। সেখানে কোনওরকম আবেদন করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু সবাইকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন, যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। তাঁরা কবে থেকে আবেদন করতে পারবেন, সেকথা জানিয়ে দিলেন তিনি।
অনলাইন ও অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু হওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তাড়াহুড়ো করার দরকার নেই। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য তিন মাস সময় পাবেন। পরে গত ১ জুলাই নেতাজি ইন্ডোরে অন্নপূর্ণা যোজনা নিয়ে অনুষ্ঠানে তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের জন্য জুন মাস পেয়েছেন। জুলাই মাস পুরো পাবেন। আর অগস্ট মাস পুরো পাবেন।”
তবে গত কিছুদিন ধরে অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে সাধারণ মানুষ কোনও আবেদন করতে পারছেন না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে, যাঁরা এখনও আবেদন করেননি, তাঁরা কি আর আবেদনের সুযোগ পাবেন না? সেই জল্পনার অবসান ঘটালেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু।
গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব জানান, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে যাঁরা টাকা পাননি, তাঁরা ক্লেম করতে পারবেন। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ক্লেম ও অবজেকশন জানানো যাবে। ১৯ অগস্ট থেকে ক্লেম ও অবজেকশন জানানোর জন্য খুলে দেওয়া হবে পোর্টালটি। ক্লেম জানানোর পর নতুন করে ভেরিফিকেশনে যাঁরা যোগ্য হবেন, তাঁরা টাকা পাবেন।
তারপরই তিনি জানান, ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ফেরিভিকেশন চলছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পুরো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপর তাঁদের মধ্যে যাঁরা যোগ্য হবেন, তাঁরাও টাকা পাবেন।
তাহলে নতুন আবেদন জানানো যাবে কবে থেকে? নির্দিষ্ট করে কোনও তারিখ জানাননি মৌমিতা গোদারা বসু। তবে তিনি স্পষ্ট করে দেন, এখন শুধু ক্লেম ও অবজেকশন জানাতে পোর্টাল খোলা হবে। সেখানে আপাতত নতুন আবেদন করা যাবে না। পরে আবার পোর্টাল খোলা হলে এখনও যাঁরা আবেদন করেননি, তাঁরা আবেদন করতে পারবেন।