Ayushman Bharat Vs Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতে যে যে চিকিৎসা পেতেন না, তার কভারেজও পাবেন আয়ুষ্মান ভারতে, এই দুই কার্ডের ফারাক কোথায়, জানুন

Ayushman Bharat coverage: স্বাস্থ্যসাথীতে অ্যাপেনডিক্স, গল ব্লাডারে স্টোনের চিকিৎসা পাওয়া যেত না। ছানির অস্ত্রোপচারও হয় না। প্রসূতি মায়ের চিকিৎসা পাওয়া যেত না। হাঁটু রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যেত না। হার্নিয়ার চিকিৎসা পাওয়া যেত না, হাইড্রোসিলের চিকিৎসা কভারেজ পাওয়া যেত না। কিন্তু এগুলিই বেশি দরকার। 

Ayushman Bharat Vs Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতে যে যে চিকিৎসা পেতেন না, তার কভারেজও পাবেন আয়ুষ্মান ভারতে, এই দুই কার্ডের ফারাক কোথায়, জানুন
স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের মধ্যে পার্থক্য কোথায়?Image Credit source: TV9 বাংলা

|

May 28, 2026 | 2:56 PM

কলকাতা: রাজ্যে এতদিন চালু ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi Scheme)। পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস (TMC) সরকার এই প্রকল্প চালু করেছিল। এবার সরকার বদল হতেই রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। দুই স্বাস্থ্য প্রকল্পেই বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার পরিষেবা পাওয়া যায় নিখরচায়। তাহলে এই দুই স্কিমের পার্থক্যটা ঠিক কোথায়?

এই বিষয় নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিজেপির বিধায়ক তথা চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় বলেছেন যে স্বাস্থ্যসাথীকে তিনি খারাপ বলবেন না। স্বাস্থ্যসাথী ভালো, তবে আয়ুষ্মান ভারত আরও ভালো।

স্বাস্থ্যসাথীর থেকে আয়ুষ্মান ভারত কোন কোন দিক থেকে ভালো, এর ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথীতে যেখানে চিকিৎসা পেতে সময় লাগত, সেখানেই আয়ুষ্মান ভারতে কার্ড চালু হওয়ার মুহূর্ত থেকেই পরিষেবা পাওয়া যাবে। স্বাস্থ্যসাথীতে শুধুমাত্র রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পাওয়া যেত। আয়ুষ্মান ভারতে দেশজুড়ে চিকিৎসা পাওয়া যাবে।

আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথীর থেকে কতটা আলাদা? 

ডঃ শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পে শুধু জটিল রোগের চিকিৎসা নিখরচায় পাওয়া যাবে, তাই নয়, এই স্বাস্থ্য স্কিমে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন আগে এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৯০ দিন পর পর্যন্ত নিখরচায় সমস্ত চিকিৎসার সুবিধা পাওয়া যায়। এর মধ্যে অ্যাম্বুল্যান্স, ফিজিওথেরাপিও অন্তর্ভুক্ত। অর্থ্যাৎ হাসপাতালে যাওয়া-আসার জন্য অ্যাম্বুল্যান্সের খরচ পাওয়া যাবে, তেমনই আবার ফিজিওথেরাপি করার খরচও পাওয়া যাবে আয়ুষ্মান ভারত কার্ডে। আবার এই কার্ডে নিখরচায় পাওয়া যাবে ওষুধও।

তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথীতে অ্যাপেনডিক্স, গল ব্লাডারে স্টোনের চিকিৎসা পাওয়া যেত না। ছানির অস্ত্রোপচারও হয় না। প্রসূতি মায়ের চিকিৎসা পাওয়া যেত না। হাঁটু রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যেত না। হার্নিয়ার চিকিৎসা পাওয়া যেত না, হাইড্রোসিলের চিকিৎসা কভারেজ পাওয়া যেত না। কিন্তু এগুলিই বেশি দরকার।

তাহলে স্বাস্থ্যসাথীতে কী কী চিকিৎসা পাওয়া যেত? স্বাস্থ্যসাথীতে নিখরচায় বসানো যেত হার্টের স্টেন্ট। এর পিছনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুক্ষ্ম রাজনীতি ছিল বলেই দাবি ডঃ শারদ্বত মুখোপাধ্যায়ের। তাঁর বক্তব্য, স্টেন্ট বসানোর মতো চিকিৎসার কথা কেউ জীবনে ভুলবে না, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।

সেখানেই আয়ুষ্মান ভারতে সব চিকিৎসা পাওয়া যাবে। শুধু চিকিৎসা নয়, হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচও দেওয়া হয় আয়ুষ্মান ভারতে। নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (ICU) সার্ভিসও পাওয়া যায় এই স্কিমে। এছাড়া ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ পাওয়া যায় আয়ুষ্মান ভারতে। মেডিক্যাল ইমপ্ল্যান্টের খরচও পাওয়া যায়। আয়ুষ্মান ভারতে সরকারি রেট ধার্য করা, তাই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও সমস্যা হবে না।

কী কী চিকিৎসা হয় আয়ুষ্মান ভারতে?

কার্ডিওলজি: ওপেন হার্ট সার্জারি, পেসমেকার ইমপ্লান্টেশন, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং অন্যান্য হৃদরোগের চিকিৎসা করানো যাবে।

অঙ্কোলজি (ক্যানসার): কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এবং ক্যানসারের অস্ত্রোপচার করানো যায়।

নিউরোসার্জারি: মস্তিষ্কের সার্জারি, স্পাইন সার্জারি ও স্নায়ু সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা করা যায়।

নেফ্রোলজি: কিডনি প্রতিস্থাপন (Transplant) এবং নিয়মিত ডায়ালাইসিস করানো যাবে।

অর্থোপেডিক: জয়েন্ট রিপ্লেসমেন্ট, ফ্র্যাকচার বা হাড়ের বড় ধরনের অস্ত্রোপচার করা যাবে।

গ্যাস্ট্রোএন্ট্রোলজি: জটিল পেটের অস্ত্রোপচার এবং লিভারের চিকিৎসা করানো যাবে।

চোখের ছানি অপারেশন, কানের সার্জারি, পুড়ে যাওয়ার (Burn) চিকিৎসা এবং প্রসূতি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারও করানো যাবে আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে।

Follow Us