
কলকাতা: পুলিশ ফাঁড়িতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বাখরাহাট থানায়। মৃত ব্যক্তির নাম পালান রায়। তিনি স্থানীয় জয়চণ্ডী গ্রামের বাসিন্দা।পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ পুলিশ তাঁকে বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসে। সেখানে তাঁর ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। মারধরের পর ফাঁড়ির ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠতেই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।
পুলিশের দাবি, বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসবার পরেই পালন রায় অসুস্থ হয়ে পড়েন। সেই সময় অসুস্থ অবস্থায় তাঁকে পুলিশ গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পালান রায় ও অভিযোগকারী বিজয় সিংহ দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল। মৃত পালান রায়ের তিন বছর আগে বুকে স্টেন বসানো হয়েছিল। উল্টো দিকে পালান রায়ের পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়েছে, তারা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে।
ঘটনায় ক্ষুব্ধ ও উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বাখরাহাট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে তাঁরা বাখরাহাট-ঠাকুরপুকুর রোড সম্পূর্ণ অবরোধ করেন। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এলাকায় যানজট তৈরি হয়।