
বেহালা: প্রেম করা কি অপরাধ? মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল শহর কলকাতা। বর্বরতার ভয়ঙ্কর ছবি দেখা গেল সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্কে। সেখানে এক যুগলের সম্পর্ককে কেন্দ্র করেই যা হল, তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল সবার।
ঘটনার সূত্রপাত এক যুবক-যুবতীকে ঘিরেই। দু’জনে প্রেম করত। তবে যুবতীর বাড়ির লোকের আপত্তি ছিল। গতকাল, ২৫ অক্টোবর ওই যুবক-যুবতী যখন বসেছিল, তাদের ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। তারপরেই যুবককে ও তাঁর এক বন্ধুকে ঘরের মধ্যে আটকে রেখে বেধড়ক মারধর করে যুবতীর বাবা এবং মামা।
তারপর যুবকের বাবাকে ফোন করে ডাকে মেয়ের বাবা। তারপর তিনজনকে অর্থাৎ ছেলে, ছেলের বন্ধু এবং ছেলের বাবাকে উলঙ্গ করে এলাকায় ঘোরায়। এমনকী, বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। বাবাকে বলা হয়, ছেলেকে গুলি করতে। সাধারণ মানুষ দেখতে পেয়ে অবাক ওঠে , তাদেরকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনা এলাকার মানুষজনকে জানায় যুবকের পরিবার ও বন্ধু।
তারপরেই উত্তেজিত জনতা মেয়েটির বাড়িতে চড়াও হয়। মেয়েটির বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ আসে, ততক্ষণে মেয়ের বাবা ও বাড়ির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। মেয়েটির মামাকে হাতেনাতে ধরে ফেলে ক্ষিপ্ত জনতা। তাঁকে মারধর করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যুবতীর পরিবার আগে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিল। সেই থেকেই তাদের ঔদ্ধত্য। তারা দাবি জানিয়েছে, মেয়েটির বাবা এবং মামার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ছেলেটির বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন এই ঘটনার পরে।