
কলকাতা: আগে ছিল ‘বাংলার বাড়ি’। রাজ্যে পালাবদলের পর নাম হল ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’। প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। আজ, শুক্রবার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান। নবান্নের সভাঘর থেকে তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পর্যায়ে ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৬০ হাজার টাকা। আগে ১০ লক্ষ উপভোক্তা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন।
কিন্তু এই ঘোষণার পাশাপাশি রাজ্যের আবাস যোজনা প্রকল্পে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আনলেন মুখ্যমন্ত্রী।
মমতা সরকারের আমলে আবাসে-দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে। কেন্দ্র থেকে টিম পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট পাঠানো হয়েছিল কেন্দ্রেও। বিস্তর অভিযোগ সামনে আসার পরও মমতা-সরকার তাতে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ছিল। এবার এই নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সরকারি তথ্য যাচাইয়ে রাজ্যে প্রায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার হদিশ মিলেছে বলে জানিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, অযোগ্য প্রাপকদের টাকা ফেরত দিতে হবে, অন্যথায় সিট (SIT) গঠন করে সিআইডি (CID) তদন্ত শুরু হবে। পাশাপাশি, এই দুর্নীতিতে কোনো সরকারি আধিকারিক যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্নে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠান থেকে বিগত জমানার অনিয়মের একাধিক উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রকল্পের স্বচ্ছতা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, প্রায় ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাসের টাকা পাঠানো হয়েছিল। এ ছাড়াও আরও প্রায় ১২ হাজার অযোগ্য প্রাপক চিহ্নিত হয়েছেন, যাঁদের মধ্যে ইতিমধ্যেই ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন।
অযোগ্য প্রাপকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁরা এর যোগ্য প্রাপক নন, তাঁরা অবিলম্বে টাকা ফেরত দিন। ৫৭ হাজার ভুয়ো উপভোক্তা প্রমাণিত হয়েছে, এর শাস্তি হবেই। আমরা বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে সিআইডিকে দিয়ে গোটা ঘটনার তদন্ত করাব।’’ উল্লেখ্য, ভুয়ো প্রাপকদের টাকা ফেরত দেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
শুধুমাত্র ভুয়ো উপভোক্তাই নন, যাঁদের সুপারিশে এই নামগুলি তালিকায় উঠেছিল, সেই সমস্ত সরকারি আধিকারিকদেরও যে রেয়াত করা হবে না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘এই ভুয়ো উপভোক্তাদের নাম কারা রেকমেন্ড করেছিলেন, তা খতিয়ে দেখা হবে। আধিকারিক স্তরে যদি কেউ এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন বা গাফিলতি প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ডিপার্টমেন্টাল অ্যাকশন (বিভাগীয় ব্যবস্থা) নেওয়া হবে।’’