
কলকাতা: বিকাশের পথে এগোচ্ছে বাংলা। নতুন সরকার তাই প্রথম বাজেটেই বিশেষ জোর দিল নারী ক্ষমতায়নের উপরে। তাদের আর্থিক স্বাধীনতার জন্য ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা যোজনার। মাসে মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। তবে শুধুমাত্র অন্নপূর্ণা যোজনাই নয়, রাজ্যের মহিলাদের জন্য আরও অনেক কিছু ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
এ দিন বাজেটে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা নিয়ে ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, রাজ্যের গর্ভবতী ও প্রসূতি মায়েদের অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। মাতৃ বন্দনা সহ মোট ২১ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও গর্ভবতী মায়েরা ছয়টি পুষ্টি কিট পাবেন।
কলেজে পড়া অবিবাহিত ছাত্রীদের জন্যও বড় ঘোষণা করেছে সরকার। এককালীন তাদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেই আজ ঘোষণা করা হয়।
রাজ্যের সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছে ১ জুন থেকে। এর জন্য সাড়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলেও তিনি জানান।
এছাড়া প্রতিটি মহকুমাতে একটি করে মহিলা থানা তৈরি করার ঘোষণাও করেন অর্থমন্ত্রী। নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। শহরের ব্যস্ত জায়গায় নজরদারির জন্য মহিলা পুলিশদের নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হবে।