
কলকাতা: পালাবদলের পর নতুন সরকার বাংলায় শিল্প ফেরাতে নানা পদক্ষেপ করছে। শিল্প নীতি তৈরি করছে। টিভি৯ বাংলায় ‘রাজ বদলের ১০০ দিন’ অনুষ্ঠানে সেই কথা তুলে ধরেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়। এই অনুষ্ঠানেই ব্যুরো অব ইন্ডিয়ান স্টান্ডার্ডসের ডেপুটি ডিরেক্টর জেনারেল (ইস্ট) ডক্টর মীনাক্ষী গণেশনেরও একাধিক প্রশ্নের উত্তর দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী।
ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) বা ভারতীয় মানক ব্যুরো। ভারতের বিভিন্ন পণ্য, প্রক্রিয়া এবং পরিষেবার মান নির্ধারণ, গুণমান নিশ্চিতকরণ এবং শংসাপত্র প্রদান করে এই সরকারি সংস্থাটি। টিভি৯ বাংলার ‘রাজ বদলের ১০০ দিন’ অনুষ্ঠানে ডক্টর মীনাক্ষী গণেশন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “ভারতের জনসংখ্যার ১০ শতাংশ পশ্চিমবঙ্গের। এই রাজ্যে লক্ষ লক্ষ এমএসএমই রয়েছে। নতুন সরকারের শিল্প নীতি এখন পরিকল্পনার স্তরে রয়েছে। পুরো পশ্চিমবঙ্গ সেদিকে তাকিয়ে রয়েছে। ভারত সরকারের নানা যোজনা রয়েছে। সেগুলোকে সমন্বিত করে কি শিল্প নীতিতে যোগ করার কোনও ভাবনা রয়েছে?”
তাঁর প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় বলেন, “আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করছি। মন্ত্রিসভার বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে, সেগুলি বাংলায় এতদিন বাস্তবায়ন করা হয়নি। এখন কেন্দ্র ও রাজ্যে একই দল রয়েছে। ফলে সমন্বিত প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এগুলো বাস্তবায়ন হবে। এখনও পর্যন্ত একাধিক প্রকল্প এখানে বাস্তবায়িত হয়েছে।”
এরপরই ডক্টর মীনাক্ষী গণেশন বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুরো মন্ত্রিসভা বাংলার যুবসমাজের ক্ষমতায়ন নিয়ে স্বপ্ন দেখছে। স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছে। স্কিল ডেভেলপমেন্টের জন্য কোয়ালিটি ইকোসিস্টেম, কনজিউমার এমপাওয়ারমেন্ট খুবই জরুরি। ফলে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাংলার সরকারের সঙ্গে কাজ করতে চায় ব্যুরো অব ইন্ডিয়ান স্টান্ডার্ডস। এর জন্য আমরা কোন পথে এগোব?”
ডক্টর মীনাক্ষী গণেশনের প্রস্তাব নিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, “মানক ব্যুরো তো সেজন্যই রয়েছে। আপনারা স্টান্ডার্ড দেখুন। আপনারা সেটা বজায় রাখুন। গুণমান বজায় রাখা হবে। স্টান্ডার্ড বজায় রাখা হবে।”