
কলকাতা: লক্ষ-লক্ষ মানুষ। মঞ্চেও শ’য়ে-শ’য়ে হেভিওয়েটরা দাঁড়িয়ে। তাঁদের সকলের সামনেই প্রধানমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করলেন এক ৯৭ বছরের বৃদ্ধকে। তবে এখানে যদি শুধু তাঁকে বৃদ্ধ বলা হয়, তাহলে তা ভুল হবে। কারণ তিনি ছিলেন একসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগি। আজ শ্য়ামাপ্রসাদ নেই, তবে রয়েছেন মাখনলাল। আর বিজেপির এত বড় জয়ে তিনি ব্রিগেডে থাকবেন না, এমনটা হয় নাকি? সুদুর শিলিগুড়ি থেকে এলেন তিনি। আশীর্বাদ করলেন প্রধানমন্ত্রীকে। মোদীও তাঁকে শাল পরিয়ে বরণ করে দিলেন যোগ্য সম্মান। সেই মাখনলালের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিল টিভি ৯ বাংলা। কী বললেন তিনি?
Tv9 বাংলা: বিজেপি সরকার গঠনের পর কি অনুভূতি?
মাখন লাল: ভেবেছিলাম হয়ত দেখে যাব না। ভগবানকে খালি ডাকতাম। আমার চাহিদায় সততা ছিল। স্বপ্ন পূর্ণ হল। কিন্তু স্বপ্ন পূরণ হলেই চলবে না, আমি বলেছি- যখন দেখব কলকাতা যেতে আবার আগের মতো ধোঁয়া ওড়ে, শিল্প সমৃদ্ধ হয়, আমার রাজ্যের শ্রমিকদের যাতে অন্য রাজ্যে যেতে না হয়। শিল্প-স্বাস্থ্য-শিক্ষার যা অবস্থা মানুষ তাতে স্বাভাবিক চিন্তার ক্ষমতা হারিয়েছে। কোনও প্রতিবাদ নেই, কিছু নেই। স্বৈরতান্ত্রিক সরকারি চলছিল। তাঁরাই আবার বিজেপিকে আক্রমণ করছিল।
Tv9 বাংলা: প্রধানমন্ত্রী যখন এতজনের সামনে পা ছুঁয়ে প্রণাম করলেন, তখন মনে হচ্ছিল শ্যামাপ্রসাদের আত্মা তৃপ্ত হলেন?
মাখন লাল: এর আগেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল। তিনি তখনও আমাকে প্রণাম করেছিলেন। বলেছিলেন, দাদা আমায় আশীর্বাদ করবনে।
Tv9 বাংলা: আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হল?
মাখন লাল: আমি বললাম তোমায় আশীর্বাদ করছি। যেভাবে এগোচ্ছ, এগিয়ে চলো। ভগবান তোমায় ভালো রাখুক। প্রধানমন্ত্রী শেষে বললেন, আপনার সঙ্গে ডিনার করব ভেবেছিলাম। কিন্তু সময় ছিল না বলে হল না।