
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। মমতা-অভিষেকের প্রচারে সেন্সর করার আবেদন। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের রায়নাতে গিয়ে অভিষেক যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে আপত্তি বিজেপির। অভিষেক বলেছিলেন, “উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপি ঘাড় ভেঙে দেওয়া হবে।” তার পরবর্তীতে তিনি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলির প্রসঙ্গ তুলে মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা বলেছিলেন।
সেই জায়গা থেকেই বিজেপি নেতৃত্ব মনে করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নির্বাচনী আচরণ বিধিকে ভঙ্গ করেছে, তাই নয়, হিংসাকে মদত দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। অভিষেকের এই মন্তব্য প্ররোচনামূলক বলেও অভিযোগ বিজেপির। সেই কারণেই বিজেপি চাইছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেন্সর করা হোক। যে চিঠি বিজেপি নেতা শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়েছেন, সেখানেও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের মন্তব্য একাধিকবার করেছেন, যা নির্বাচনী বিধি ভঙ্গের। এর আগেও মমতার মন্তব্য নিয়ে কমিশনকে অভিযোগ জানিয়েছে বিজেপি।
গত ২৫ তারিখ ময়নাগুড়িতে ভোটের প্রচারে গিয়ে মমতা বলেন, “আমার প্রার্থীকে বলে দিয়ে গিয়েছে, ওকে নাকি গাছে বেঁধে পেটাবে। আমি বলছি, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে, আমি বিজেপি করি না।” এই মন্তব্যকে তুলে ধরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। যদিও সে ব্যাপারে কমিশনের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। এবার অভিষেক ও মমতাকে এক সঙ্গে সেন্সর করার দাবি জানিয়েছে বিজেপি।