Soumitra Khan: ‘সমস্যা তো আছেই’, বিজেপির রাজ্য অফিসে বৈঠক শেষে বললেন সৌমিত্র

Bengal BJP: বুধবার সল্টলেকে রাজ্য বিজেপির অফিসে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের পুনর্নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল বৈঠক। রাজ্য অফিসের বৈঠক শেষে সৌমিত্রকে রাজ্য নেতৃত্বের সমস্যা নিয়ে প্রশ্ন করায় তাঁর স্পষ্ট উত্তর, 'সমস্যা তো আছেই। আলোচনা হল, আরও হবে।'

Soumitra Khan: সমস্যা তো আছেই, বিজেপির রাজ্য অফিসে বৈঠক শেষে বললেন সৌমিত্র
সৌমিত্র খাঁImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jun 19, 2024 | 9:02 PM

কলকাতা: লোকসভা ভোট মিটেছে। কিন্তু বাংলা থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির। আসন সংখ্যা কমেছে। কোথায় খামতি রয়ে গিয়েছিল পদ্ম শিবিরের, তা নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। এসবের মধ্যেই বুধবার সল্টলেকে রাজ্য বিজেপির অফিসে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের পুনর্নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল বৈঠক। রাজ্য অফিসের বৈঠক শেষে সৌমিত্রকে রাজ্য নেতৃত্বের সমস্যা নিয়ে প্রশ্ন করায় তাঁর স্পষ্ট উত্তর, ‘সমস্যা তো আছেই। আলোচনা হল, আরও হবে।’

যদিও তিনি যে বিজেপি ছাড়ছেন না, সেটাও স্পষ্ট করে দিন বিজেপি সাংসদ। বরং কোন জায়গায় খামতি রয়ে গিয়েছে, সেটা খুঁজে বের করাই বেশি গুরুত্ব দিতে চান তিনি। সৌমিত্র বলেন, “কোনও চেয়ারের বিরুদ্ধে বলা, আর বিজেপি ছেড়ে দেওয়া… দু’টোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিজেপি ভাল জায়গায় আছে। আমরা অনেকটা পিছিয়েছি, কিন্তু ভোট শতাংশ খুব একটা বদলায়নি। আমি যেটা ধরি সেটা ছাড়ি না। কোন জায়গায় ভুল হয়েছে, সেই জায়গাটিকে আমাদের খুঁজে বের করতে হবে।”

তবে দলের অন্দরে কোথাও যে খামতি রয়ে গিয়েছে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে, সেটা গোপন করেননি বিষ্ণপুরের বিজেপি সাংসদ। তাঁর কথায়, “চেয়ারে বসে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনও চেয়ারের সিদ্ধান্ত ঠিক হয়, কোনও চেয়ারের সিদ্ধান্ত ভুল হয়। যে চেয়ারের সিদ্ধান্ত বার বার ভুল হচ্ছে, সেই চেয়ারটির দিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত।” সৌমিত্রর বক্তব্য, দলের প্রতি তাঁর কোনও অভিমান নেই। তবে এবারের ভোটের আগে তাঁর থেকে কোনও মতামত জানতে চাওয়া হয়নি, সে কথা গোপন করলেন না বিজেপি সাংসদ। আগামীতে যাতে এমন আর না হয়, সেই জন্যই আলোচনায় বসা বলে দাবি সৌমিত্রর।

Follow Us