
কলকাতা: তীব্র গরমের মাঝে একটু যেন স্বস্তি। উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ও সোমবার কালবৈশাখীর তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গে। আরও সহজ করে বললে এপ্রিল বাকি ক’টা দিন মোটের উপর ঝড়-বৃষ্টির উপর দিয়েই কাটবে। তাতেই বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬২ থেকে ৯১ শতাংশ। তবে অস্বস্তিকর গরম থেকেই এখনই নিস্তার পাচ্ছে না পশ্চিমের জেলাগুলি। বেশি চাপ বাঁকুড়া-পুরুলিয়ায়।
দাবদাহের সঙ্গে এদিন কালবৈশাখীর কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এদিন বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর দাপাদাপি দেখা যেতে পারে। প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। রবিবারের পর সোমবারও কালবৈশাখীর সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। তুলনামূলকভাবে ঝড়-বৃষ্টির ঘনঘটা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা। হতে পারে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা বেশি থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে বেশিরভাগ এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।