C V Ananda Bose: ‘ভেবেচিন্তেই পদত্যাগ করেছি, কারণটা কনফিডেন্সিয়াল’, অবশেষে মুখ খুললেন সি ভি আনন্দ বোস

রাজ্যপাল পদে ইস্তফা দিলেও বাংলার ভোটার হিসেবে যে তিনি গর্বিত, সে কথা বলেন সি ভি আনন্দ বোস। বাংলায় ভোট দিতে আসবেন বলেও জানিয়েছেন তিনি। তবে রাজ্য প্রশাসনের বিষয়ে কোনও কথা তিনি বলতে চাননি। বলেন, "আমি আর গভর্নর নেই, তাই এখানকার প্রশাসন নিয়ে কিছু বলব না।"

C V Ananda Bose: ভেবেচিন্তেই পদত্যাগ করেছি, কারণটা কনফিডেন্সিয়াল, অবশেষে মুখ খুললেন সি ভি আনন্দ বোস
Image Credit source: TV9 Bangla

Mar 08, 2026 | 2:19 PM

সুদীপ্ত কংশবণিক, কলকাতা: পদত্যাগ করার চারদিনের মাথায় মুখ খুললেন সি ভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা ইস্তফা দেন তিনি। কিছুদিন আগে বাংলার ভোটার হওয়ার আবেদন করেছিলেন তিনি। ভোটের মুখে তাঁর এই আচমকা পদত্যাগের ঘটনায় নানা জল্পনা তৈরি হয়, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে সেই ইস্যুতে মুখ খুললেন বোস।

রবিবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদ্য পদত্যাগ করা রাজ্যপাল বলেন, ভেবেচিন্তেই পদত্যাগ করেছেন তিনি। কারণ কী? প্রশ্ন করা হলে বোসের উত্তর, “কারণটা কনফিডেন্সিয়াল (গোপন), ঠিক সময় এলে বলা হবে।” তাঁর কথায়, সব ক্ষেত্রে প্রবেশ করলে প্রস্থান তো হবেই।

রাজ্যপাল পদে ইস্তফা দিলেও বাংলার ভোটার হিসেবে যে তিনি গর্বিত, সে কথা বলেন সি ভি আনন্দ বোস। বাংলায় ভোট দিতে আসবেন বলেও জানিয়েছেন তিনি। তবে রাজ্য প্রশাসনের বিষয়ে কোনও কথা তিনি বলতে চাননি। বলেন, “আমি আর গভর্নর নেই, তাই এখানকার প্রশাসন নিয়ে কিছু বলব না।” রাষ্ট্রপতির মন্তব্য ও প্রোটোকল ভাঙার অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি বোস। শুধু বলেছেন, “রাষ্ট্রপতি খুবই অভিজ্ঞ মানুষ। তাঁর বক্তব্যের উপর কোনও মন্তব্য করা উচিত নয়।”

সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বারবার সামনে এসেছে। কিন্তু তাঁর এই আচমকা পদত্যাগের সিদ্ধান্তের পিছনে কোনও উদ্দেশ্য় আছে বলেই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথাই মনে করছেন তৃণমূল সুপ্রিমো। এদিন এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সি ভি আনন্দ বোস।