HC On TMC: বুধবারই হবে, অনুমতি দিয়েও মমতাকে বেশ কয়েকটি শর্ত দিল আদালত

TMC Kolkata Rally July 8: তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রুটটিকে সমর্থন করেন। তাঁর বক্তব্য বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত এই নির্দিষ্ট রাস্তার মধ্যে কোনও হাসপাতাল নেই। ফলে কোনও জরুরি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই এবং জনসাধারণের চলাচলেও তেমন কোনও বড় সমস্যা তৈরি হবে না।

HC On TMC: বুধবারই হবে, অনুমতি দিয়েও মমতাকে বেশ কয়েকটি শর্ত দিল আদালত
মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 07, 2026 | 3:49 PM

কলকাতা:  ৮ জুলাই কলকাতায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের একটি মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কিছু কঠোর নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে এই কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মিছিলে হাজার জনের বেশি অংশগ্রহণকারী থাকতে পারবেন না এবং রাস্তার একটি লেন বা ফ্ল্যাঙ্ক অবশ্যই যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে।

 তৃণমূলের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রুটটিকে সমর্থন করেন। তাঁর বক্তব্য বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত এই নির্দিষ্ট রাস্তার মধ্যে কোনও হাসপাতাল নেই। ফলে কোনও জরুরি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই এবং জনসাধারণের চলাচলেও তেমন কোনও বড় সমস্যা তৈরি হবে না।

 অন্যদিকে, রাজ্যের এএজি রাজদীপ মজুমদার  কলকাতা পুলিশের নতুন নিয়মের কথা মনে করিয়ে দেন। তিনি সওয়াল করেন, এই ধরনের মিছিলের জন্য অন্তত ১৫ দিন আগে আবেদন করার নিয়ম রয়েছে। তাঁর মতে, শুধু রাজনৈতিক এজেন্ডা পূরণ নয়, জনসাধারণের সুবিধার বিষয়টিকেই প্রশাসনের সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া উচিত। যে রুটটি বেছে নেওয়া হয়েছে, সেটি অত্যন্ত সরু এবং যানজটপ্রবণ। তাছাড়া ওই এলাকায় হাসপাতাল ও কলেজ থাকার কারণে মিছিলের ফলে তীব্র যানজট সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ও চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে।

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন মমতা। কালীঘাটে নিজের বাসভবনের সামনে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন ‌প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী।  বুধবার কলকাতায় মিছিল করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

Follow Us