
কলকাতা: যাদবপুর বিশ্বিদ্যালয়ের ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতি ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার উল্লেখ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের অভিযোগ, গত শনিবার যাদবপুরের অশান্তির দিন পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি। আক্রান্ত হয়েছে এসএফআই, অথচ পুলিশ ছাত্রদের মেসে তল্লাশি করছে। দ্রুত শুনানি প্রয়োজন।
এদিকে, যাদবপুর ছাত্রদের তরফে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি। যাদবপুরে নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একটি জনস্বার্থ মামলা কলেজের নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির ঘরে রয়েছে। সেই মামলায় হলফনামা দিতে চেয়ে আবেদন করা হয়েছে। চিঠি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার দ্রুত শুনানি হবে কিনা পরে সিদ্ধান্ত নেবে বেঞ্চ।
প্রসঙ্গত, যাদবপুর-কাণ্ডে এখনও পর্যন্ত আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পড়ুয়াদের নামে চুরি, ছিনতাই,শ্লীলতাহানি, মারধর,আঘাতের জেরে গুরুতর জখম করার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। শনিবার মন্ত্রীর গাড়ির তলায় চলে আসা আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের বিরুদ্ধেও তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।